মৌলভীবাজার
পানের দাম কম, বিপাকে চাষিরা
বন্যায় বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা এবং ক্রেতার চাহিদা কমে যাওয়ায় খাসি পান এতটা দুর্দিনে পড়েছে।
মৌলভীবাজারে ‘খাসি’ পানের দাম অনেক কমে গেছে। এতে খাসি পান উৎপাদনকারী চাষিরা বিপাকে পড়েছেন। পান বিক্রি করে তাঁরা যে দাম পাচ্ছেন, তাতে তাঁদের পক্ষে সংসার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। একমাত্র পান চাষের ওপর নির্ভরশীল খাসিয়া পুঞ্জির অনেক পরিবারই এখন বিভিন্নভাবে ঋণের জালে জড়িয়ে পড়ছে।
খাসি পানের প্রধান বাজার বৃহত্তর সিলেটের ভাটি অঞ্চল। দীর্ঘ সময় ধরে বন্যায় সে অঞ্চলের হাটবাজার পানিতে তলিয়ে আছে। পানের প্রধান ক্রেতারাই এখন বন্যাপীড়িত। বন্যায় বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা এবং ক্রেতার চাহিদা কমে যাওয়ায় খাসি পান এতটা দুর্দিনে পড়েছে। যেখানে ভর মৌসুমেও ১ কুড়ি পান ৭০০ টাকার নিচে নামে না। সেখানে ১ কুড়ি পানের দাম এখন ১৫০ টাকা।
খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক ও পানচাষি সাজু মারচিয়াং গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বন্যার কারণেই পানের দাম এতটা কমে গেছে। করোনাকালীন সময়েও এত দাম কমেনি। খাসি পানের প্রধান বাজার সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জের বানিয়াচংসহ বৃহত্তর সিলেটের ভাটি অঞ্চল। ভাটি অঞ্চলে এখন বন্যা চলছে। পাইকাররা পান পরিবহন করতে পারছে না। হাটবাজার পানির নিচে ডুবে আছে। এই কারণে পান বিক্রি হচ্ছে না।
সাজু মারচিয়াং আরও বলেন, অনেক পরিবার তাঁদের সন্তানদের শহরে হোস্টেলে রেখে পড়াশোনা করায়। পানের আয় দিয়েই সংসার চলে। সন্তানের পড়ালেখা চলে। তাঁদের পক্ষে সন্তানদের পড়াশোনার খরচ জোগানো এখন অসম্ভব হয়ে পড়ছে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগঠন, পানপুঞ্জি ও পানচাষি সূত্রে জানা গেছে, জুন-জুলাই মাস হচ্ছে খাসি (খাসিয়া) পানের ভর মৌসুম। এই সময়তে গাছে গাছে প্রচুর পান আসে। অন্য সময় একটি পানজুম (পান খেত/পানের বরজ) থেকে দিনে যদি তিন কুড়ি পান তোলা হয়। তা হলে ভর মৌসুমে (জুন-জুলাই) কম করেও পাঁচ কুড়ি পান তোলা যায়। ২০ কান্তায় ১ কুড়ি এবং ১৪৪টি পানে ১ কান্তা। সেই হিসেবে ১ কুড়িতে ২ হাজার ৮৮০টি পান থাকে। গত ৪-৫ বছরে কখনই ভর মৌসুমে ১ কুড়ি পানের দাম ৭০০ টাকার নিচে নামেনি। গত কয় দিন থেকে সেই একই পরিমাণ (এক কুড়ি) পান বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এতে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ মৌসুমে যেখানে একটি পানজুমে প্রতিদিন ১০ থেকে ১৫ জন শ্রমিক কাজ করেন। সেখানে দু–একজন শ্রমিকও কাজে লাগানো হচ্ছে না। অন্য সময়ে (ভর মৌসুম ছাড়া) ১ কুড়ি পান ৮০০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।
জেলার সাতটি উপজেলার বিভিন্ন পাহাড়-টিলায় ৭৩টি পুঞ্জি আছে। এসব পুঞ্জিতে খাসি (খাসিয়া) ও কিছু গারো লোকজন বাস করেন। অনেক পরিবারই সংসার চালাতে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও), স্থানীয় বিভিন্ন সমিতি এবং পাইকারের কাছ থেকে ঋণ গ্রহণ করছেন। তাঁরা এখন ঋণের জালে জড়িয়ে পড়ছেন।
পানের পাইকার শ্যামল রায় গতকাল প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জ-সিলেটের রাস্তাঘাট ভেঙে গেছে। ছোট–বড় সব বাজারে পানি। এখন পান একবারে চলে না।
লাউয়াছড়া পানপুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমি গতকাল প্রথম আলোকে বলেন, পানের দাম একেবারে কমে গেছে। এখন পানের ভর মৌসুম। এই সময়ে পানের দাম কিছুটা কম থাকে। তাও গত ৪-৫ বছরে জুন-জুলাইয়ে ৭০০ টাকার নিচে এক কুড়ি পান বিক্রি হয়নি। বন্যার শুরুতে ৩০০ টাকা, ৪০০ টাকা কুড়ি বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে।
মহাসচিব আরও বলেন, পুঞ্জির লোকজন এখন বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়া শুরু করছে। এরমধ্যে পাইকারদের কাছ থেকে যাঁরা ঋণ নিচ্ছেন, তাঁরা টাকার বদলে পান দেবেন। সেই পান প্রকৃত দামের চেয়ে অনেক কমে দিতে হবে। এ কারণে এই পানচাষিরা আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন।