পাবনা জেলা আ. লীগের সম্মেলন: রেজাউল সভাপতি, ফারুক সম্পাদক
প্রায় সাত বছর পর আজ শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ জল্পনা–কল্পনা শেষে বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিমকেই সভাপতি এবং সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুককে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে। পাবনা পুলিশ লাইনস মাঠে সকাল থেকে দিনব্যাপী সম্মেলন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান সন্ধ্যায় এ ঘোষণা দেন। আগামী তিন বছরের জন্য তাঁদের এসব দায়িত্ব দেওয়া হলো।
বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন আবদুর রহমান। এরপর ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং স্থানীয় সাংসদেরা।
সাত বছর পর এবার সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন জেলা শহর ছিল সরগরম। পদ নিয়ে চলছিল নানা জল্পনা–কল্পনা। সভাপতি ও সম্পাদক পদের প্রত্যাশা করছিলেন অন্তত ২০ নেতা।
আওয়ামী লীগ নেতাদের প্রতিটি বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। দেশে আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, যদি নিজেরা নিজেদের পরাজিত না করে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে।
সমাপনী বক্তব্যে আবদুর রহমান বলেন, দেশে আর কোনো দিনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিএনপির বিষয়ে তিনি বলেন, বিএনপি কোনো দিন জনগণের সঙ্গে ছিল না। এখনো নেই। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, আর লুটতরাজ করে বিএনপি। বিএনপি ক্ষমতায় এলে তারেকের নেতৃত্বে দেশের ঘটিবাটি বেচে দেবে। তাই সজাগ থাকতে হবে। নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।
এর আগে ২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১৩ মাস পর ৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। সাত বছর পর এবার সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন জেলা শহর ছিল সরগরম। পদ নিয়ে চলছিল নানা জল্পনা–কল্পনা। সভাপতি ও সম্পাদক পদের প্রত্যাশা করছিলেন অন্তত ২০ নেতা। পোস্টার ও ব্যানারে ঢাকা পড়েছিল পুরো শহর।