পাবনার নারী ক্রিকেটারদের গল্প
ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের দলটিও এগিয়ে আসছে ক্রমাগত। এতে অনুপ্রাণিত দেশের তৃণমূলের মেয়েরাও। অনেকের কাছে এটা আশার আলো। সেই আলোয় পথ খোঁজার স্বপ্ন বুনছে পাবনার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর গ্রামের ড. ইসমাইল হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাকিব, তামিম, মাশরাফি বা মোস্তাফিজের খেলা দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হলেও তাদের আদর্শ এখন সালমা, আয়শা বা রুমানারা। পাবনা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি গ্রামের মেয়েদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা আশা জাগাচ্ছে অনেকের মধ্যেই।
এ স্কুলের ক্রিকেটপ্রেমী মেয়েরা টিফিনের ফাঁকে প্রতিদিনই ব্যাট-বল হাতে বিদ্যালয়ের মাঠে নেমে পড়ে। তারা বলছে, ভালো সুযোগ পেলে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে তারাও।
মেয়েদের ক্রিকেট উন্মাদনার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত সহকারী শিক্ষক তুহিন হোসেন। তিনি জানালেন, সপ্তাহে এক দিন চলে শরীরচর্চা, প্রশিক্ষণ ও প্রীতি ম্যাচ। বিদ্যালয়ের ছাত্রীরা দুই দল বানিয়ে নেমে পড়ে মাঠে। এতে নেতৃত্ব দেন তুহিন হোসেন। বিদ্যালয়ের অন্য শিক্ষকেরাও তাঁদের এ প্রচেষ্টায় উৎসাহ জোগাচ্ছেন। খেলার সব সরঞ্জামের ব্যবস্থা হয় বিদ্যালয় থেকেই।
স্থানীয় মানুষজন মনে করছেন, যেখানে বাল্যবিবাহের কারণে অনেক মেয়েরই শিক্ষাজীবনের ইতি ঘটে, সেখানে পড়াশোনার পাশাপাশি এমন একটি খেলাকে বেছে নিয়েছে মাধপুর গ্রামের এই ছাত্রীরা। ওদের আছে ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল। ভালো প্রশিক্ষণ আর দিকনির্দেশনা পেলে এদের মধ্যে থেকেই গড়ে উঠতে পারে ভবিষ্যৎ সালমা বা রুমানার মতো ক্রিকেটার।