পাবনার পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহন ধর্মঘটে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে রওনা হয় অনেকে। আজ বৃহস্পতিবার দুপুরে বেড়া বাসস্ট্যান্ডে
প্রথম আলো

পাবনায় ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। পাবনা জেলা প্রশাসন ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের আশ্বাসে জেলা পরিবহন-শ্রমিক মালিক ঐক্য পরিষদ বৃহস্পতিবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানান।

পাবনা ও সিরাজগঞ্জ জেলার মালিক–শ্রমিকদের দ্বন্দ্বে প্রায় ১৮ দিন ধরে পাবনা থেকে শাহজাদপুর হয়ে ঢাকার পথে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। প্রতিবাদে গত ২৭ ডিসেম্বর পাবনা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি তুলেছে। সেদিনই দাবি আদায়ের লক্ষ্যে তারা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালিত হয়।

জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পাবনা জেলা প্রশাসন ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে শাহজাদপুরের মালিক পক্ষ না আসায় ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ আগামী সোমবারের মধ্যে দুই পক্ষকে নিয়ে আবার বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে সোমবার পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী মঙ্গলবার ভোর থেকে আবার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে সমাধান হবে।’

আরও পড়ুন