পাবনার ফরিদপুরে একজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা সদরসহ পাঁচ উপজেলার পর এবার ফরিদপুর উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁর বয়স ৩৭ বছর। বাড়ি উপজেলার বনয়ারীনগর ইউনিয়নের এক গ্রামে। তিনি সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন।

রোববার সন্ধ্যায় রাজশাহী ল্যাবে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত হয়। জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মেহেদী ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১৬ এপ্রিল জেলার চাটমোহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তিনি নারায়ণগঞ্জফেরত পোশাকশ্রমিক। এরপর ১৯ এপ্রিল একই উপজেলায় আরেক ব্যক্তির এবং ২৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়। এ ছাড়া জেলা সদরের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন নার্স ও এক ব্যক্তি ছাড়াও ভাঙ্গুড়া উপজেলায় স্বামী-স্ত্রী দুজন, সুজানগর উপজেলায় একজন ও সাঁথিয়া উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১১ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তি ঢাকায় থাকেন। তিনি ২৭ এপ্রিল বাড়িতে ফেরেন। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। সন্দেহবশত ২৯ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে।
এ বিষয়ে সিভিল সার্জন মেহেদী ইকবাল প্রথম আলোকে বলেন, নতুন করোনা শনাক্ত ব্যক্তিকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর বাড়িটি লকডাউন করা হয়েছে। বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী ল্যাবে পাঠানো হচ্ছে।