পাবনায় ইউপি নির্বাচনী সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই যুবকের নাম সবুজ হোসেন (৩৫)। তিনি একই ইউনিয়নের চলনা গ্রামের হাছেন আলীর ছেলে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের সমর্থক ছিলেন সুবজ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন উদ্দিনের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই সোমবার রাতে ইউনিয়নে চানলা গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে সবুজ হোসেনসহ চারজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সবুজকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে সবুজের মৃত্যু হয়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের অভিযোগ, চানলা গ্রামে তাঁর একটি নির্বাচনী কার্যালয় ছিল। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা সেই কার্যালয়ে অতর্কিত হামলা করে ভাঙচুর চালান। একই সঙ্গে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে কার্যালয়ে থাকা লোকজনকে কোপাতে থাকেন। এতে সবুজ হোসেন গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী আমিন উদ্দিন বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর অভিযোগ সঠিক নয়। আমার লোকজন কোনো হামলা চালায়নি। যিনি মারা গেছেন, তিনি আমার সমর্থক ছিলেন। বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরাই তাঁকে মারপিট করেছে। এখন উল্টো দোষ দিচ্ছে।’
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত সবুজের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রাতেই হত্যা মামলা করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্বাচনী সহিংসতা রোধে ইউনিয়নে নজরদারি বাড়ানো হয়েছে।
১১ নভেম্বর ভায়না ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।