পাবনায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন এলাকাবাসী। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ১২ ডিসেম্বর
হাসান মাহমুদ

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগ নেতা বকুল শেখ (৪৭) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার শহরে এই কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসী।

এদিকে বিক্ষোভ মিছিল করে ফিরে যাওয়ার সময় শহরের অনন্ত বাজার এলাকায় দোকানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

ইউপি সদস্য বকুল শেখের বাড়ি শহরতলির দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লায়। তিনি সদর থানা যুবলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শহরের অনন্ত বাজার এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

বেলা ১১টার দিকে দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন এলাকাবাসী। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবদুল হামিদ সড়কে যায়। সেখানে সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আহাদ, দোগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হাসান, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে অনন্ত বাজার মোড়ে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। ওই মোড়ে গাড়ি থামিয়ে টাকা নেওয়ার কারণে যানজট হয়। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি সদস্য বকুল অনন্ত মোড় থেকে অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে ফাঁকা একটি স্থানে নিয়ে যান। এতে ওই চাঁদাবাজ চক্র ক্ষিপ্ত হয়ে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।

আইনজীবী আবদুল আহাদ বলেন, ‘যারা এই খুনের সঙ্গে জড়িত, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। দুপুরে জানাজা শেষে ওই ইউপি সদস্যকে দাফন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।