পাবনায় ইছামতীপাড়ে অবৈধ দখল উচ্ছেদ শুরু

দুই বছর বিরতি দিয়ে পাবনা শহরের মাঝ দিয়ে বয়ে চলা ইছামতি নদী রক্ষায় আবারো শুরু হয়েছে উচ্ছেদ অভিযানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর পর আবার পাবনা জেলা শহরের মাঝ দিয়ে প্রবাহিত ইছামতী নদীর দুই পাড়ের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যৌথভাবে এই অভিযান শুরু করেছে।

উচ্ছেদ অভিযান শুরুর পরই প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জেলা শহরবাসী। ইছামতীপাড়ের ডিসি সড়কে ইছামতী উদ্ধার আন্দোলন কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। নদীর পাড় থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বক্তারা। সেই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদী পুনরুজ্জীবিত করার দাবি জানান তাঁরা।

এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর নদীর উৎসমুখ থেকে লাইব্রেরি বাজার ব্রিজ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। বর্তমানে নদীর ওই অংশে খননকাজ শুরু হয়েছে। একই বছর ৩১ মার্চ লাইব্রেরি বাজার ব্রিজ থেকে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু হয়। এর তিন দিনের মাথায় মামলাসংক্রান্ত আইনি জটিলতায় উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।

আজ দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, শহরের গোবিন্দা ব্রিজ এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কাঁচা-পাকা ঘর। ভাঙা পড়েছে তিনতলা ভবনও। শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে উচ্ছেদ অভিযান দেখছেন।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেন, সকাল ১০টার দিকে শহরের লাইব্রেরি বাজার ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা ১১টার দিকে উচ্ছেদ দল লাইব্রেরি বাজার এলাকা ছেড়ে গোবিন্দা এলাকায় এসে উচ্ছেদ শুরু করে। একই সময়ে ইছামতীপাড়ের ডিসি সড়কে মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নদী দখলমুক্ত ও দ্রুত খননের দাবিতে বিভিন্ন পোস্টার ব্যানার প্রদর্শন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সহসভাপতি তোসলিম হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইছামতী উদ্ধার আন্দোলন কমিটির সভাপতি মাহবুবুল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি হাসান আলী, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার চেয়ারম্যান মোশারফ হোসেন, আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম আবুল কালাম আজাদ, শহীদ সাধন সঙ্গীত কলেজের অধ্যক্ষ মনিরা পারভিন, ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলাতানা প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালতে সাতটি ও বিচারিক আদালতে পাঁচটি মামলা থাকায় অভিযান বন্ধ রাখা হয়েছিল। এরই মধ্যে কিছু মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ায় অভিযান শুরু করা হয়েছে। আইনি কোনো জটিলতা তৈরি না হলে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। একই নতুন উচ্ছেদ অংশে খননকাজও শুরু করা হবে।