পাবনায় করোনা শনাক্তের হার ৫০ ছুঁই ছুঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

সারা দেশের মতো রাজশাহী বিভাগের জেলা পাবনায় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২২২ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ১ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগের করোনাসংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে জানা গেছে, কয়েক দিন ধরেই পাবনায় করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। এর মধ্যে গতকাল সোমবার ৫০৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা রোগী শনাক্ত হয়েছিল ১৪১ জন। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ১৭ শতাংশ। রোববার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৫৫ জন। শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৫৭ শতাংশ।

পাবনা জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ২০২০ সালের ১৬ এপ্রিল। এর পর থেকে সংক্রমণের হার বেশ কম ছিল। গত বছরের মে মাস থেকে সংক্রমণের হার বাড়তে শুরু করে। জুলাইয়ে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছিল ১৯ দশমিক ৩ শতাংশে। আগস্টে এসে এই হার কমে দাঁড়ায় ৯ দশমিক ৩ শতাংশে। সেপ্টেম্বরে আরও নেমে ৪ শতাংশে দাঁড়ায়। এরপর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে শনাক্তের হার শূন্যের কোঠায় ছিল।

পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সংক্রমণের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালে করোনা পরীক্ষা ও করোনা ইউনিটে রোগী বাড়ছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন সাতজন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন।

সিভিল সার্জন মনিসর চৌধুরী বলেন, বিধিনিষেধ না মানলে করোনা সংক্রমণ বাড়বে, এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে মানুষের সচেতনতা জরুরি। বিভিন্নভাবে জেলাবাসীকে সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।