পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সমিতির নামে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। দুই পক্ষই বিষয়টি জেলা প্রশাসন ও জেলা পুলিশকে জানিয়ে কোনো সমাধান পায়নি বলে দাবি করছে। এই পরিস্থিতির কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন পরিবহনমালিক–শ্রমিকেরা। তাঁরা অবিলম্বে বিরোধ মেটানোর দাবি তুলেছেন।
এক পক্ষের নেতৃত্বে আছেন সমিতির সাবেক সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক কালাম আহম্মেদ ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক কামিল হোসেন। অন্য পক্ষের নেতৃত্বে আছেন সাবেক সহসভাপতি কাওছার রহমান, সদস্য শরীফুল ইসলাম ও হামিদুল ইসলাম।
আজ বুধবার দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁয় ওমর আলীর পক্ষ সংবাদ সম্মেলন করে জানায়, করোনার কারণে পরিবহন ব্যবসায় দুর্যোগ নেমে এসেছে। ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক সংকটে জর্জরিত। এর মধ্যেই সমিতির সদস্য শরীফুল ইসলামের নেতৃত্বে এক পক্ষ সমিতি দখলে নিয়েছে।
ওমর আলীর পক্ষ সংবাদ সম্মেলন করে আরও জানায়, ২০২৩ সাল পর্যন্ত পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির মেয়াদ থাকলেও তারা সমিতির অফিস দখল করে জোরপূর্বক প্রতিটি গাড়ি থেকে চাঁদা তুলছে। বিষয়টি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। উল্টো ওই পক্ষ সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছে।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির আহ্বায়ক কামিল হোসেন বলেন, ‘ওই পক্ষ বাস-মিনিবাস মালিকদের কাছ থেকে নতুন ট্রিপ বাবদ অর্থ হাতিয়ে নিচ্ছে। তাদের কারণে সবাই নির্যাতিত হচ্ছে। আবার উল্টা তারাই আমাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিচ্ছে। কিন্তু আমরা কোথাও এর প্রতিকার পাচ্ছি না। আমরা এর প্রতিকার দাবি করছি।’
এই পক্ষের সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা নাগরিক মঞ্চের সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে গত ২৬ মে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন কাওছার রহমান ও শরীফুল ইসলাম ওরফে হাজি শরীফের পক্ষ। সংবাদ সম্মেলনে এই পক্ষও একই ধরনের অভিযোগ তোলে।
সংবাদ সম্মেলনে এই পক্ষ বলে, সমিতির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক কালাম আহমেদের ইচ্ছায় ১২ বছর জেলা বাস-মিসিবাস ও কোচ মালিক সমিতি পরিচালিত হয়েছে। তিনি ১২ বছরের কোনো হিসাব দেননি। হিসাব চাওয়ায় তিনি শ্রমিকনেতা কামিল হোসেনকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণ অবৈধ ও শ্রম আইনের পরিপন্থী। এ ছাড়া ওই পক্ষ সমিতির নামে প্রতি গাড়ি থেকে চাঁদা আদায় করছে। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা চাঁদা উঠছে, যা তাদের পকেটে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি মো. কাওছার রহমান বলেন, ‘আমরা বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ বিভিন্ন মহলকে জানিয়েছি। কিন্তু কেউ এই সমস্যা সামাধানে এগিয়ে আসছে না। বাস-মিনিবাসমালিকদের স্বার্থে আমরা দ্রুত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি করছি। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।’
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষই আমাদের কাছে এসেছিল। এটি তাদের নিজস্ব বিষয়। আমরা তাদের নিজেদের বসে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছি। কিন্তু তারা সমস্যা সমাধান না করে বিরোধে জড়াচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা দ্রুতই দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসব। আশা করছি, আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে।’