পাবনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
পাবনার সুজানগর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছন। আজ শুক্রবার সকালে উপজেলার দুবলিয়া এলাকায় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সুজানগর পৌর সদরের বাসিন্দা আবদুল বারেকের স্ত্রী আরিফা সুলতানা (৪৫) ও একই এলাকার মনা কুন্ডুর ছেলে ঝন্টু কুন্ডু (৬০)। আহত ব্যক্তিরা হলেন আবদুল কাদের (৫৫) ও তাঁর স্ত্রী রওশন আরা রেনু (৪৫)। অহত অপর একজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। তাঁদের সবার বাড়ি সুজানগরে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সুজানগর থেকে যাত্রীবাহী অটোরিকশাটি পাবনায় যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে অটোরিকাশার চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঝন্টু কুন্ডু নিহত হন। আহত অপর চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফা সুলতানাকে মৃত ঘোষণা করেন।
সুজানগর উপজেলার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।