পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলায় তরমুজ বহনকারী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুজন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের চাঁদ আলী দাশুড়িয়া-পাকশী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন হলেন মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২০) ও নিহত অপরজন ট্রাকচালকের সহকারী। প্রাথমিকভাবে তাঁর নাম–পরিচয় জানা যায়নি। নিহত মেহেদীর বাড়ি উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে। আহত দুজন হলেন ট্রাকচালক অজয় কুমার পাল (৫২) ও ফল ব্যবসায়ী আবদুল আলিম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল আটটার দিকে মেহেদী মোটরসাইকেলে করে দাশুড়িয়া থেকে পাকশী যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা তরমুজবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকের সহকারী নিহত হন। আহত হন ট্রাকচালক ও তরমুজ ব্যবসায়ী। পরে তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।