পাবনায় দুদিনে করোনা বেড়েছে ১৬ শতাংশ
পাবনায় দুদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ। আজ সোমবার শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২২ দশমিক ৩১ শতাংশে। গত শনিবার শনাক্তার হার ছিল ৫ দশমিক ৮৭ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে জেলায় করোনা শনাক্তের হার বাড়ছে। এর মধ্যে শনিবার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৭ শতাংশ। গতকাল রোববার ৮৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে হয় ১৫ দশমিক ২৭ শতাংশ। আজ সোমবার এ হার আরও বেড়েছে। ৩৮১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৩১ শতাংশ। করোনা রোগীদের পাবনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৪ জন ভর্তি আছেন। তাঁদের মধ্যে ৯ জন রেড জোন ও ৩৫ জন ইয়োলো জনে আছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মনিসর চৌধুরী বলেন, আশপাশের জেলাগুলোতে করোনার সংক্রমণ বাড়ার কারণেই পাবনায় সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী। সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। চলাচলে কিছু বিধিনিষেধ চলছে। সরকারি সিদ্ধান্ত অনুয়ায়ী, আগামী বৃহস্পতিবার থেকে কঠোরভাবে বিধিনিষেধ পালন করা হবে।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ১৬ এপ্রিল। এরপর থেকে ৯৬ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২২৫ জনের। করোনায় মারা গেছেন ২৩ জন।