পাবনায় নিম্নমুখী করোনা সংক্রমণের হার বিধিনিষেধ শিথিলে বাড়ার আশঙ্কা
পাবনা জেলায় জুলাই মাসে করোনা সংক্রমণের গড় হার ছিল ১৯ দশমিক ৩। আগস্টের প্রথম সপ্তাহে গড় হার অর্ধেক কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩। জুলাইয়ের বেশির ভাগ সময় কঠোর বিধিনিষেধ চলমান থাকায় করোনা সংক্রমণের হার কমে এসেছিল বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। তবে বিধিনিষেধ শিথিলে করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ১৬ এপ্রিল। এর পর থেকে সংক্রমণের হার বেশ কম ছিল। চলতি বছরের মে মাস থেকে সংক্রমণের হার বাড়তে শুরু করে। মে মাসে রোগী শনাক্ত হয় ৪৬১ জন। জুন মাসে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৫৬৫। জুলাইয়ে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ১৭৮।
প্রতিদিনের করোনা শনাক্তের প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী থাকলেও কঠোর বিধিনিষেধের প্রভাবে আগস্টের প্রথম দিন থেকে শনাক্তের হার কমেছে। ৩০ জুলাই সর্বশেষ শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৫৭ শতাংশ। ১ আগস্ট এ হার কমে দাঁড়ায় ১১ দশমিক ১৩ শতাংশ। এর পর থেকে প্রতিদিনই শনাক্তের হার কমতে থাকে। আগস্টের প্রথম সপ্তাহে শনাক্তের হার কমে দাঁড়ায় ৯ দশমিক ৯৩।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আবার ঊর্ধ্বমুখী দেখা গেছে। এ সময়ের মধ্যে ৪২১ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৫৮।
পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের হার বেশি-কমের সঙ্গে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও ওঠানামা করছে। জুলাই মাসের শেষ সপ্তাহে এক দিনে সর্বোচ্চ ১৩৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আগস্টের প্রথম সপ্তাহে গড় রোগী ভর্তি ছিলেন ৫৫ জন। আজ মঙ্গলবার রোগী ভর্তির সংখ্যা বেড়ে হয়েছে ৭৫।
জেলা সিভিল সার্জন মনিসর চৌধুরী বলেন, বিধিনিষেধ না মানলে করোনা সংক্রমণ বাড়বে, এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে মানুষের সচেতনতা জরুরি। বিধিনিষেধ শিথিলে সংক্রমণ বাড়লে আবার কঠোর বিধিনিষেধ চাওয়া হবে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন তিনি।
করোনা মোকাবিলায় নিয়োজিত কয়েক চিকিৎসকের সঙ্গে আলাপকালে তাঁরা জানিয়েছেন, কঠোর বিধিনিষেধের কারণের জেলায় করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছিল। কিন্তু বিধিনিষেধে কিছুটা শিথিলতা তৈরি হয়েছে, দোকানপাট খুলতে দেখা যাচ্ছে। শহরের প্রধান সড়কে যানজট তৈরি হচ্ছে। মানুষ অসচেতনভাবে ঘরের বাইরে বেড় হচ্ছে। এতে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হচ্ছে।