পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ তিনজন নিহত
পাবনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে সদর উপজেলার আতাইকুলা এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক ও জোত আদম এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পুটিগাড়া গ্রামের রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একই গ্রামের আবদুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)। রবিউল পেশায় ভ্যানচালক, সাজ্জাদ এ বছর এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ভ্যানচালক রবিউল ইসলাম দুজন যাত্রী নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। আতাইকুলার তেলকুপি নামক স্থানে হঠাৎ ভ্যানটি ভেঙে রাস্তায় পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল নিহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আবদুল মোমিনের মৃত্যু হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একই সময়ে সাজ্জাদ হোসেন মোটরসাইকেলে করে নিজ গ্রাম থেকে টেবুনিয়া বাজারে যাচ্ছিলেন। জোত আদম এলাকায় একটি ইঞ্জিনচালিত করিমন তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাজ্জাদ রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।