পাবনায় মাথা জোড়া লাগানো যমজের জন্ম
পাবনা শহরের একটি ক্লিনিকে গত শনিবার বিকেলে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। দুই কন্যাশিশুর শরীরের পুরো অংশ আলাদা হলেও মাথা জোড়া লাগানো। তবে বর্তমানে দুই শিশুই সুস্থ আছে।
ওই ক্লিনিক সূত্রে জানা যায়, শিশু দুটির বাবার নাম রফিকুল ইসলাম। বাড়ি পাবনার চাটমোহর উপজেলার আটলঙ্কা গ্রামে। শনিবার বিকেলে স্ত্রী তাসলিমা খাতুনের প্রসববেদনা উঠলে তাঁকে দ্রুত ক্লিনিকে এনে ভর্তি করান তিনি। সন্ধ্যায় গাইনি বিশেষজ্ঞ নার্গিস সুলতানা অস্ত্রোপচার করে জোড়া যমজ শিশুদের আলোর মুখ দেখান।
গতকাল রোববার বিকেলে ক্লিনিকে গিয়ে দেখা যায়, শয্যায় শায়িত দুই শিশুর পাশে বসে আছেন তাদের মা-বাবা। মাথা জোড়া লাগানো থাকলেও শিশু দুটি হাত-পা নাড়াচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে তিনি তাঁর স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম করান। সেখান থেকে তাঁকে একটি শিশুর কথাই জানানো হয়েছিল। কিন্তু অস্ত্রোপচার শেষে তিনি জোড়া যমজ পেয়েছেন। এখন সন্তানদের সুস্থতা নিয়ে তিনি বেশ চিন্তিত। ওদের জীবন রক্ষায় অসহায় বোধ করছেন।
শিশুদের মা তাসলিমা খাতুন বলেন, জন্মের পর থেকে দুই সন্তানই সুস্থ আছে। ঠিকমতো খাওয়াদাওয়া ও মলমূত্রও ত্যাগ করছে। তবে তিনি ঠিকমতো বুকের দুধ খাওয়াতে পারছেন না।
জানতে চাইলে চিকিৎসক নার্গিস সুলতানা প্রথম আলোকে বলেন, বর্তমানে শিশু দুটি সুস্থ আছে। তবে ভবিষ্যতে কী হবে তা বলা কঠিন। জোড়া যমজদের বাঁচাতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন। অস্ত্রোপচারের মাধ্যমে দুজনের মাথা আলাদা করা গেলে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।