পাবনায় হাসপাতালের আইসোলেশন থেকে রোগীর পলায়ন, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনা জেনারেল হাসপাতাল আইসোলেশনে করোনা সন্দেহে ভর্তি এক রোগী পালিয়ে গেছেন। তাঁর বাড়ি দিনাজপুরে। ৫ এপ্রিল জ্বর, সর্দি ও কাশি নিয়ে বেড়া উপজেলার আমিনপুরে শ্বশুরবাড়িতে এলে পুলিশ তাঁকে জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করে। সেখান থেকে ৭ এপ্রিল রাতে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় ৮ এপ্রিল সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি।

হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির বয়স ২৫ বছর। তিনি জ্বর, সর্দি, কাশি ও মাথাব্যথা নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে হাসপাতালে আইসোলেশনে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আবুল হোসেন বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা এখনো জানা যায়নি। আইসোলেশনে থাকা অবস্থায় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে। ফলাফল এখনো আসেনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। দিনাজপুর পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। শ্বশুরবাড়ি এলাকার থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।