পাবনায় ১১ পুলিশ সদস্য ও ব্যাংকের ৪ কর্মকর্তার করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

পাবনায় জেলা পুলিশের ১১ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার বিষয়টি জানার পর আক্রান্ত পুলিশ সদস্যদের পুলিশ লাইনস ও বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে শহরের আবদুল হামিদ সড়কে ইসলামী ব্যাংকের পাবনা শাখার চার কর্মকর্তা করোনা শনাক্ত হয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ রোববার দুপুর থেকে সব কার্যক্রম বন্ধ করে দেয়। একই সঙ্গে ব্যাংকের এ শাখা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। বিকেলে উপজেলা প্রশাসন ব্যাংকটি লকডাউন ঘোষণা করে নোটিশ দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকটি লকডাউন থাকবে।

ব্যাংক ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্যাংকের প্রায় ২০ জন কর্মকর্তার মধ্যে কোভিড-১৯-এর লক্ষণ দেখা যায়। তাঁদের মধ্যে ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফলাফলে ৪ জন কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হন। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল থেকেই ব্যাংকটিতে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, চার কর্মকর্তাকে হোম আইসোলেশনে রেখে ব্যাংক কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাংকটি লকডাউন করা হয়েছে। কর্মকর্তারা সুস্থ না হওয়া পর্যন্ত ব্যাংকটি লকডাউন থাকবে।

পুলিশ সদস্যদের কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, শনাক্তদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও ৯ জন কনস্টেবল রয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে বাড়িতে ও অন্যদের পুলিশ লাইনসে আইসোলেশনে রাখা হয়েছে। সবাই সুস্থ আছেন। অবস্থা বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।