পারকি সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটি পুঁতে ফেলা হয়েছে
চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটির ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ শেষে পুঁতে ফেলা হয়েছে। আজ শনিবার দুপুরে বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) তত্ত্বাবধানে এটি পুঁতে ফেলা হয়। এ সময় প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে সৈকতে পরিত্যক্ত জাহাজের পশ্চিম পাশে ডলফিনটি দেখতে পান লোকজন। এটি বিপন্ন ‘ইরাবতী’ প্রজাতির ডলফিন বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।
শনিবার দুপুরে ডলফিনটির রক্ত, মাংসপেশি ও ইনটেশটাইনাল কনটেন্ট সংগ্রহ শেষে বেড়িবাঁধের পাশে পুঁতে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন নইফা বেগম, বন্দর বিট কর্মকর্তা হান্নানুজ্জামান, জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা কবির উদ্দিন আহমেদ, বন্য প্রাণী রক্ষক নেজামুল ইসলাম, ফোরকান মিয়া, বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ভাটায় সৈকতের পানি নেমে গেলে পরিত্যক্ত ক্রিস্টাল গোল্ড জাহাজের পশ্চিম পাশে ডলফিনটি দেখতে পান লোকজন। ডলফিনটির দৈর্ঘ্য সাড়ে পাঁচ ফুট আর প্রস্থ আড়াই ফুটের মতো। এর গায়ে আঘাতের চিহ্ন ছিল এবং রক্ত ঝরছিল। এটি ভেসে আসার পর দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
প্রাণী বিশেষজ্ঞরা বলেন, ভেসে আসা ডলফিনটি ‘ইরাবতী’ প্রজাতির। এটি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের লাল তালিকায় ‘বিপন্ন’ শ্রেণিভুক্ত। এর বৈজ্ঞানিক নাম Orcaella brevirostris। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ীও প্রজাতিটি সংরক্ষিত।
আনোয়ারা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, শনিবার দুপুরে প্রাণিসম্পদ ও বন বিভাগের লোকজনের উপস্থিতিতে ডলফিনটি পুঁতে ফেলা হয়। সাতজন শ্রমিক নিয়োগ করে এসব কাজ করা হয়।
আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ডলফিনটির ময়নাতদন্ত করে জানা যায়, এটি জাহাজ বা জালের আঘাতে মারা গেছে। এরপরও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে ভবিষ্যতে অনুসন্ধানের জন্য।