পারাপারে ভাড়া ১০ গুণ বেশি

কঠোর বিধিনিষেধের মধ্যে এ নৌপথে নৌকায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এসব নৌকায় যাত্রীদের নিরাপত্তা সরঞ্জামও নেই।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ চলছে। এ সময় গণপরিবহন চলাচল নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বগুড়া–জামালপুর নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চলাচল করছে। এসব নৌযানের যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক সময়ের চেয়ে ৮–১০ গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। উপরন্তু এসব নৌকায় স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা চলাচল করায় করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কঠোর বিধিনিষেধের মধ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা খেয়াঘাট থেকে যমুনার ওপারের ১৬টি গন্তব্যে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী ও পণ্য পারাপারে ৮ থেকে ১০ গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

এ নৌপথের কয়েকজন যাত্রীর অভিযোগ, কালীতলাঘাট থেকে ওপারের খেয়াঘাটে নদী পারাপারে স্বাভাবিক সময়ে নৌকা ভাড়া জনপ্রতি ৩০ থেকে সর্বোচ্চ ৫০ টাকা ছিল। অথচ করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ১০০ থেকে ৫০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।

বাড়তি ভাড়া আদায়ের কথা স্বীকার করে নৌকার মাঝিরা বলছেন, ইজারাদারের চাপেই বাড়তি ভাড়া আদায় করতে হচ্ছে। তবে এ বিষয়ে কালীতলা খেয়াঘাটের ইজারাদার শাহাদৎ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি জেলা পরিষদ থেকে ৬০ লাখ টাকায় কালীতলা ও জামথল খেয়াঘাট ইজারা নিয়েছেন। কালীতলা গড়ে ১০০ নৌকা চলাচল করে। করোনার আগে খেয়ানৌকার যাত্রীদের কাছ থেকে মাথাপিছু ৩০-৪০ টাকা ভাড়া আদায় করা হতো। এখন যাত্রী কমে চার ভাগের এক ভাগে ঠেকেছে। এ কারণে মাথাপিছু ৫০ টাকা হারে ইজারা আদায় করা হচ্ছে। মাঝিরা যাত্রীপ্রতি ভাড়া আদায় করছেন মাথাপিছু ১০০ টাকা করে।

ইজারাদার শাহাদৎ হোসেন আরও বলেন, খেয়ানৌকা বাদে ভাড়ায় চালিত নৌকা ভাড়া নির্ভর করে দূরত্ব ও যাত্রীর সংখ্যার ওপর। মাঝিরা ভাড়া বেশি আদায় করলেও ৫০ টাকার বেশি ইজারা ওঠানো যায় না। এসব নৌকায় করোনার আগে যাত্রীপ্রতি ৫০ টাকা করে নেওয়া হতো। এখন ২০০ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

কালীতলা ঘাট এবং ওপারের জামথল ঘাটের কয়েকজন নৌকার মাঝি ও যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, কালীতলাঘাট থেকে প্রতিদিন জামালপুরের মাদারগঞ্জ , দেওয়ানগঞ্জ, ইসলামপুর, গুঠাইল, কাজীপুরের নাটুয়াপাড়া, গাইবান্ধার সাঘাটা ছাড়াও ওপারের কাজলা, জামথল, বোহাইল, মানিকদাইড়, চরঘাগুয়া, ডাকাতমারা, বোহাইল, ধারাবর্ষাসহ ১৬ রুটে যাত্রী ও পণ্যবাহী প্রতিদিন অন্তত ১৫০টি যাত্রীবাহী নৌকা এবং ১০০টি পণ্যবাহী নৌকা চলাচল করে। করোনার কারণে সব রুটেই যাত্রী ও পণ্য পারাপারে ভাড়া বেড়েছে।

গত সোমবার বেলা ১১টার দিকে কালীতলা ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটে শ খানেক নৌকা ভিড়েছে। কোনো নৌকায় যাত্রী, কোনো নৌকায় পণ্য পারাপার হচ্ছে। বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জের জামথল ঘাট থেকে ছেড়ে আসা একটি খেয়ানৌকা ঘাটে ভেড়ার পর কথা হয় যাত্রীদের সঙ্গে। সারিয়াকান্দি উপজেলার টেংরাকুরা চরের রাশেদ হাসান নামের একজন ব্যবসায়ী বলেন, করোনার আগে কালীতলা-জামথল নৌপথে খেয়ানৌকায় যাত্রীপ্রতি ভাড়া ছিল ৩০ টাকা। এখন আদায় করা হচ্ছে ১০০ টাকা। স্বাভাবিক সময়ে ৫০০ টাকায় ভাড়া নৌকা চলাচল করত। এখন ভাড়া নৌকায় যাত্রীপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আদায় করা হচ্ছে। খেয়ানৌকায় ১০০-১৫০ যাত্রী তোলা হচ্ছে। ভাড়া নৌকায় ৫০ থেকে ১০০ জন পর্যন্ত যাত্রী পারাপার হচ্ছে। নৌকায় লাইফ জ্যাকেট নেই, জীবনের নিরাপত্তাও নেই।

সোমবার দুপুরে নদীর ওপারের জামালপুরের মাদারগঞ্জের জামথল ঘাটে কথা হয় বগুড়ার ধুনটের কলেজছাত্র রবীনের সঙ্গে। তিনি বলেন, এপারে জামালপুর বোনের বাড়ি। প্রায়ই নৌকায় নদী পারাপার হতে হয়। এক বছর আগে নদী পারাপারে নৌকা ভাড়া ছিল ৩৫ টাকা। এখন সেই ভাড়া ২০০ টাকা গুনতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ চলছে। এ কারণে নৌকায় যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌকা চলাচল বন্ধে প্রায় প্রতিদিনই নদীর এপারের খেয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় নৌকা ফেলে মাঝি ও

ঘাট থেকে যাত্রীরা পালিয়ে যাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে চলে আসার পর ফের নদীতে নৌকা চলাচল শুরু হয়। ফলে নৌকা আটক করা সম্ভব হয় না।