পার্কে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা
বগুড়ায় বিনোদন পার্কে ডেকে নিয়ে যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহরের এডওয়ার্ড পৌর পার্কের শরীরচর্চা কেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মিরাজ আলী (২২) বগুড়া শহর যুবলীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য।
ঘটনার সময় মিরাজকে রক্ষা করতে আসা তাঁর বন্ধু নাজমুল হোসেনকেও ছুরিকাঘাত করা হয়। তাঁর অবস্থাও গুরুতর। তাঁরা দুজনই শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার বাসিন্দা; পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি। মিরাজ–নাজমুলের ওপর কে বা কারা হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
মিরাজের ভাই আতাউর রহমানের ভাষ্যমতে, বগুড়া শহরের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মিরাজের। কিছুদিন আগে মেয়েটি মিরাজের সঙ্গে সম্পর্ক ভেঙে গাবতলী উপজেলার এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। এ নিয়ে ছেলেটির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। ছেলেটি মিরাজকে হুমকি দিয়ে আসছিল।
বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল বলেন, মঙ্গলবার প্রেমিকার মাধ্যমে মিরাজকে এডওয়ার্ড পৌর পার্কে ডেকে নেন গাবতলী উপজেলার ওই ছেলে। বন্ধু নাজমুলকে সঙ্গে নিয়ে মিরাজ মেয়েটির সঙ্গে দেখা করতে যান। সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মিরাজকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহত হন নাজমুলও। দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মিরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এখনো হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। মুঠোফোনের প্রযুক্তির সহায়তায় মেয়েটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মিরাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিরাজের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মিরাজ বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন।