পার্বতীপুর থেকে ঢাকা ও খুলনার ট্রেন চলাচল বন্ধ
পার্বতীপুর-ঢাকা রেলপথের ফুলবাড়ী হোম সিগন্যালের কাছে ট্রেন লাইনচ্যুত হওয়ায় আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে দেশের দিনাজপুরের পার্বতীপুরের সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিকেলে খুলনা থেকে চিলাহাটিগামী ৭২৭-আপ আন্তনগর রূপসা ট্রেনের যাত্রীবাহী একটি কোচ (নম্বর-৭৩২৫) সেখানে লাইনচ্যুত হয়।
এতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস বেলা ৩টা ৩৫ মিনিট থেকে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে আটকা পড়ে রয়েছে। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭০৬-আপ আন্তনগর একতা এক্সপ্রেস জয়পুরহাট রেলস্টেশনে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ও ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৬৬-আপ আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন একই জেলার বিরামপুর রেলস্টেশনে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে আটকা পড়েছে। গন্তব্যের উদ্দেশে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে না পারায় এসব ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মুঠোফোনে পাকশী বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে। দ্রুত ট্রেন যোগাযোগ স্বাভাবিক করার লক্ষ্যে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন। এদিকে পার্বতীপুর রেলওয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পার্বতীপুর থেকে রওনা হওয়া উদ্ধারকারী ট্রেনটি ৬টা ৪৫ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে এ দুর্ঘটনার আগে মধ্যরাতে পৃথক ঘটনায় ফুলবাড়ী রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গেটম্যান সুশান্ত কুমার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।