পার্বতীপুরে একই স্থানে দুই প্রার্থী জনসভা ডাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একই স্থানে একই সময়ে দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি জনসভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া সবজিবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, যা কার্যকর থাকবে কাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল ইসলাম ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ইউনিয়নের মধ্যপাড়া সবজিবাজার এলাকায় আজ বিকেলে জনসভার ডাক দেন। একই সময় একই স্থানে জনসভা ডাকায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

পরিস্থিতি শান্ত রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার। মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ১৪৪ ধারা জারি থাকায় সবজিবাজার এলাকায় সব ধরনের নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বলেন, ‘আমি প্রথমে ওই স্থানে জনসভা করতে চেয়েছিলাম। সেই মোতাবেক প্রশাসনে আবেদন করা হয়েছিল।’ আওয়ামী লীগের প্রার্থী মোজাহিদুল ইসলাম বলেন, ‘ওখানে আর আমরা জনসভা করছি না।’
৫ জানুয়ারি হরিরামপুর ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।