পার্বতীপুরে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার উপসর্গ নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে এক নারীর মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে ওই নারী মারা যান।

ওই নারীর (৪৫) বাড়ি পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ভবেরবাজার গ্রামে। তিনি স্থানীয় একটি চালকলে শ্রমিকের কাজ করতেন।


শনিবার বেলা আড়াইটার দিকে ভবেরবাজার চাম্পাতলি শ্মশানঘাটে তাঁর মৃতদেহ সৎকার করা হয়। দিনাজপুরের কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা সৎকারের কাজ সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহেল মাফী, ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব মণ্ডল।

দিনাজপুরের সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, বৃহস্পতিবার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আসেন ওই নারী। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার আগেই শুক্রবার রাতে ওই নারী মারা যান।

ওই নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
ইউএনও শাহনাজ মিথুন বলেন, পরীক্ষার প্রতিবেদন না আসায় আপাতত করোনা পজিটিভ হিসেবে লাশের সৎকার করা হয়েছে। সেই সঙ্গে আশপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে।