পার্বতীপুরে সাঁওতালদের 'বাহা উৎসব' উদ্যাপন

বাংলা পঞ্জিকা অনুযায়ী বসন্তকাল শুরু হয়েছে কয়েক সপ্তাহ আগেই। তবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে গতকাল শনিবার নেচে-গেয়ে বসন্তকে স্বাগত জানিয়েছে সাঁওতাল সম্প্রদায়। শেষ হয়েছে তাদের দুই দিনের ঐতিহ্যবাহী ‘বাহা উৎসব’।
জাতীয় আদিবাসী পরিষদের পৃষ্ঠপোষকতায় উপজেলার সাঁওতাল অধ্যুষিত বারকোনা ফুটবল মাঠে এ উৎসবের আয়োজন করে আদিবাসী সাংস্কৃতিক পরিষদ। ক্ষুদ্র জাতিসত্তার সদস্যরা তাদের চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম সম্ভার বাহা উৎসবের মধ্য দিয়ে ঋতুরাজকে বরণ করে নিয়েছে। সাঁওতাল নারীদের পরনে ছিল রঙিন ছাপা শাড়ি। কোমরে রুপার বিছা। খোঁপায় লাল ফুল। তির-ধনুক, ঢোল-মাদলের ছন্দে–আনন্দে নাচে–গানে সবাই মেতেছিল প্রাণের কলরবে। পূজা-অর্চনার পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। ভারতের জনপ্রিয় সাঁওতাল ও বাউল লোকসংগীতশিল্পী রথীন কিস্কুর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়। বাহা উৎসবে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক সাঁওতাল সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছিল।
দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গণেশ সরেন বলেন, আদিবাসী সাঁওতালদের অন্যতম একটি প্রধান পার্বণ হচ্ছে ‘বাহা উৎসব’ বা বাহা পরব। বাহা অর্থ ফুল। তাই বাংলায় বাহা পরবকে ‘ফুল উৎসব’ বলা হয়। মূলত, নববর্ষ হিসেবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করে সমতলে বসবাসকারী সাঁওতালরা। উত্তরাঞ্চলে সমতলে বসবাসকারী আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে ওঁরাও, মুন্ডা, মালো, মাহাতো, মালপাহাড়ি, রাজওয়ারসীসহ মোট ৩৮টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী এই বাহা উৎসব পালন করে থাকে। তিনি আরও বলেন, এই পরবের মধ্য দিয়ে সাঁওতালরা নতুন বছরের ফুল, ফল ও পাতা ব্যবহার শুরু করে।