পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর আবার করোনায় আক্রান্ত
বান্দরবান–৩০০ আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আবার করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তাঁর এবং তাঁর স্ত্রী ও মেয়ের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বীর বাহাদুর ২০২০ সালেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
সাদেক হোসেন চৌধুরী বলেন, বীর বাহাদুর উশৈসিং, তাঁর স্ত্রী মেহ্লাপ্রু ও মেয়ে ভেনাস দুই দিন ধরে হালকা জ্বর ও কাশিতে ভুগছিলেন। গতকাল নমুনা পরীক্ষায় তিনজনেরই করোনা শনাক্ত হয়েছে। তাঁরা এখন ঢাকায় বেইলি রোডের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী বীর বাহাদুরের শরীরে জ্বর নেই। তবে কাশি আছে। তাঁর স্ত্রী মেহ্লাপ্রু ও মেয়ে ভেনাসের হালকা জ্বর আছে।
পরিবার সূত্রে জানা যায়, মন্ত্রী বীর বাহাদুর গত বুধবার ঢাকা থেকে বান্দরবানে এসেছিলেন। গতকাল তাঁদের তিনজনের করোনা পজিটিভ ধরা পড়লে সব কর্মসূচি বাতিল করে ঢাকায় যান।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ২০২০ সালের ৬ জুন করোনা শনাক্ত হয়েছিলেন। সে সময় তাঁকে হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হয়েছিল। তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৪ জুন সুস্থ হন।