পার্সেন্টেজ নেওয়ার সংস্কৃতি বন্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সময়মতো অর্থ ছাড় করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, অর্থ ছাড় করতে এত দেরি হয় যে প্রকল্পের মেয়াদই শেষ হয়ে যায়। উন্নয়ন প্রকল্প থেকে ‘পার্সেন্টেজ’ (শতাংশ) নেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। ‘চট্টগ্রামের উন্নয়ন প্রয়াসে রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক মুক্ত সংলাপে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ নামের একটি সংগঠনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
মুক্ত সংলাপে বরাদ্দপ্রাপ্তি নিয়ে সম্প্রতি করা মেয়রের অভিযোগ এবং মেয়রকে দেওয়া মন্ত্রণালয়ের চিঠি নিয়ে আলোচনা হয়। বক্তারা চট্টগ্রামের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১০ আগস্ট চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তাঁর এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দেওয়া হয় মেয়রকে।
গতকালের মুক্ত সংলাপে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা অত কিছু বুঝি না। আমরা উন্নয়ন চাই। নগরের উন্নয়নে সিটি করপোরেশনকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে হবে।’ তিনি বিএনপি-জামায়াতপন্থী আমলাদের প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণের অভিযোগ করে বলেন, ‘চট্টগ্রামের মেয়র এক বছরের মাথায় যে কথাটি বলেছেন, আমার মনে হয় তাতে শাপে বর হবে। ধাক্কা না দিলে কোনো কিছু আদায় করা যাবে না। আমরা মেয়রের পাশে থাকব।’
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী বলেন, একটি গণতান্ত্রিক দেশে আমলারা যেভাবে কাজ করছেন, তা জনগণের আকাঙ্ক্ষাবিরোধী। আমলাতন্ত্রের ওপর প্রচণ্ড চাপ তৈরি করতে হবে।
সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী বলেন, চট্টগ্রামে অনেক এমপি-মন্ত্রী আছেন। তাঁরা কেন মেয়রের পাশে দাঁড়াচ্ছেন না?
মুক্ত সংলাপে মুক্তিযোদ্ধা আবু সাঈদ চৌধুরী ও আবদুল হালিম বলেন, সময়মতো টাকা ছাড় না করলে উন্নয়ন হবে কেমন করে? সুভাষ চৌধুরী নামের আরেক সংস্কৃতিকর্মী বলেন, উন্নয়ন প্রকল্প থেকে শতাংশ নেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘মেয়র যদি পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প তৈরি করে জমা দেন, তাহলে তিন হাজার কোটি টাকা দেবে। প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে যত টাকা দরকার তত টাকা দেবেন। তবে প্রকল্প দিতে হবে। যদি ৩০০ কোটি টাকার প্রকল্প দেন, তাহলে ৮০ কোটি টাকার বেশি কেমন করে দেবে?’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নাগরিক উদ্যোগের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, সংস্কৃতিকর্মী অনুপ সাহা, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।