পালিয়ে আসা নারী-শিশুসহ ৮ রোহিঙ্গাকে ভাসানচরে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালিয়ে আসা নারী, শিশুসহ আট রোহিঙ্গাকে আটকের পর আবার ভাসানচরে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় চরজব্বার থানার পুলিশের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সুবর্ণচর উপজেলা থেকে তাঁদের আটক করা হয়েছিল।

আটক করে যাঁদের ভাসানচরে ফেরত পাঠানো হয়েছে, তাঁরা হলেন রামিদা (২৯), জিগার আলম (২৩), তাঁর স্ত্রী রোকেয়া আক্তার (২২)। বাকি পাঁচজন শিশু। তাদের বয়স ২ থেকে ৮ বছরের মধ্যে।

সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গতকাল সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকা থেকে নারী-শিশুসহ আট রোহিঙ্গাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের চরজব্বার থানায় রাখা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর কর্তৃপক্ষের নির্দেশে আজ দুপুরে সি-ট্রাকে করে রোহিঙ্গাদের ভাসানচরে তাঁদের আগের ক্লাস্টার হাউসে ফেরত পাঠানো হয়েছে।