পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার, গুলিবিদ্ধ
বাগেরহাট আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি গাজী দেলোয়ার হোসেনকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, দেলোয়ারের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে গুলি উদ্ধারের অভিযানে গেলে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দেলোয়ার পালানোর চেষ্টা করলে পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। বাগেরহাট সদর উপজেলার মহাদেবের মোড় এলাকার একটি বাড়িতে ডাকাতি মামলার অন্যতম আসামি।
পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা প্রথম আলোকে জানান, দেলোয়ারসহ ডাকাতি মামলার ১২ আসামিকে ২ জুলাই সকালে আদালতে হাজির করতে জেলা কারাগার থেকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সেখান থেকে আদালতে নেওয়ার পথে দেলোয়ার পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সোমবার বিকেলে খুলনা থেকে দেলোয়ারকে আবার গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে রাত সোয়া একটার দিকে পুলিশের একটি দল পাইকপাড়া গ্রামের আবদুল মান্নানের বাড়ির গরুর খামারের পাশে মাটির নিচে পুঁতে রাখা বন্দুকের ১০টি গুলি উদ্ধারে যায়। পুলিশ মাটি খোঁড়া শুরু করলে দেলোয়ারের সহযোগীরা গুলি ছোড়ে। পুশিলও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দেলোয়ার পালানোর চেষ্টা করলে ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান জানান, পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় দুটি মামলা হয়েছে।