পালিয়ে যাওয়ার ৩ দিন পর ধরা পড়লেন হত্যা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

দিনাজপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার ধামরাইয়ে কালামপাড়া এলাকায় একটি ইটভাটা থেকে শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যা ৬টায় লুৎফরকে দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ওই আসামিকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে লুৎফর দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড থেকে কোচে উঠে ঢাকায় যান। এরপর বাবা-মায়ের কর্মস্থল ঢাকার ধামরাইয়ের কালামপুরে একটি ইটভাটায় আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ইটভাটায় অভিযানে গেলে সেখান থেকেও পালানোর চেষ্টা করেন লুৎফর। পরে পুলিশ ইটভাটার ব্যবস্থাপকের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেন।

পুলিশের পক্ষে ওই অভিযান পরিচালনা করেন দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক নুর আলম, ইব্রাহীম হোসেন এবং গোয়েন্দা পুলিশ সদস্য মো. দুলাল হোসেন।

দিনাজপুর কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ মে আউলিয়াপুর এলাকায় মো. আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় লুৎফরসহ পাঁচজনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন আরিফুলের বাবা মো. ওহাবউদ্দিন। ওই মামলায় গ্রেপ্তার হন লুৎফর। তাঁকে গত বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ প্রিজন ভ্যানে জেলা কারাগার থেকে অন্য আসামিদের সঙ্গে কোর্টহাজতে আনা হয়। এরপর এজলাসে নিয়ে যাওয়ার সময় আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে জেলহাজতে ছিলেন লুৎফর। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলাসহ চুরি ও মাদকের চারটি মামলা রয়েছে। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে।