পাল্টা অভিযোগ করলেন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন অধ্যক্ষ এম মুস্তাফা জামান মিয়া। তিনি গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত খবরের প্রতিবাদ জানিয়েছেন।
প্রথম আলোতে ১৭ জুলাই ‘গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ: অধ্যক্ষের দুর্নীতির সঙ্গী সাংসদ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। তিন দিন পর গত রোববার অধ্যক্ষ মুস্তাফা জামান প্রথম আলো কার্যালয়ে এসে প্রতিবাদলিপি ও পাল্টা অভিযোগের পক্ষে কিছু কাগজপত্র দিয়ে যান।
এর আগে ১৫ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ও একজন শিক্ষক জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ এস এম আবুল কালাম আজাদ ও অধ্যক্ষের বিরুদ্ধে তহবিল তছরুপসহ নানা অভিযোগ করে। এ সময় তাঁরা অভিযোগের সমর্থনে কিছু নথিপত্রও উপস্থাপন করে।
প্রতিবাদপত্রে মুস্তাফা জামান দাবি করেন, ওই সংবাদ সম্মেলনে তিনিসহ সাংসদের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ মিথ্যা। তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আসা অভিযোগগুলো থেকে তাঁকে পরে শিক্ষা মন্ত্রণালয় অব্যাহতি দিয়েছে। আর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছেন।
আর্থিক সুবিধা নিয়ে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া প্রসঙ্গে মুস্তাফা জামানের বক্তব্য, আটজনকে অতিথি শিক্ষক হিসেবে সাময়িকভাবে ক্লাস নিতে বলা হয়েছে। নিয়োগ দেওয়া হয়নি।
অধ্যক্ষ বলেন, প্রতিষ্ঠানের তহবিল থেকে পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ আবুল কালাম আজাদ ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন, যা ইতিমধ্যেই ফেরত দিয়েছেন।
অবশ্য এই ১০ লাখ টাকার বিষয়ে আবুল কালাম আজাদের বক্তব্য ভিন্ন। তিনি প্রথম আলোকে বলেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারীরাই তাঁকে ‘ম্যানেজ’ করতে তাঁর চিকিৎসার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে ১০ লাখ টাকা ব্যাংক হিসাবে পাঠিয়েছেন। তিনি সে টাকা ছুঁয়েও দেখেননি।
প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের আগে অধ্যক্ষের বক্তব্য জানতে তাঁর বাসায় ও কর্মস্থলে গিয়ে এবং ফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।