ময়মনসিংহ মহাসড়ক
পাশে ধান মাড়াই, দুর্ঘটনার ঝুঁকি
অনেক নারী-পুরুষ ও শিশু সড়কের দুই পাশে অবস্থান করে ধান শুকানোর কাজ করেন।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কটি খুবই ব্যস্ত। গত বছর নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক মহাসড়কের সঙ্গে এটি যুক্ত হওয়ায় পর থেকে যান চলাচল বেড়েছে। তবে দুটি সড়কের দুইপাশের লেনের ওপর ধান মাড়াই ও ধান-খড় শুকানো হচ্ছে। এতে ছোট যানবাহনগুলো সড়কের মাঝখান দিয়ে চলাচল করছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন অনেকেই।
গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ওই মহাসড়কের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার প্রায় ২০ কিলোমিটার ঘুরে দেখে গেছে, মহাসড়কের দুই পাশের গ্রামের বাসিন্দারা সড়কে কিনারে মাড়াইকল বসিয়ে ধান মাড়াই করছেন। মাড়াই করা ধান সড়কের ওপর বিছিয়ে শুকাচ্ছেন। এমনকি খড়ও সড়কের পাশে রেখে শুকানো হচ্ছে। এ সময় অনেক নারী-পুরুষ ও শিশুকে সড়কের দুই পাশে অবস্থান করে ধান শুকানার কাজ করতে দেখা যায়। তাঁদের পাশ দিয়েই দ্রুতগামী যানবাহন চলাচল করছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই।
ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের ভাসা গ্রামের পারভীন আক্তার (৪৫) নামের এক নারী জানান, বাড়ি ভাগাভাগির কারণে উঠান ছোট হয়ে গেছে। তাই জমি থেকে ধান কেটে আনার পর মাড়াই ও শুকানোর যাবতীয় কাজ তাঁরা মহাসড়কের কিনারায় করে থাকেন। সড়কে ধান শুকানোর কারণে আপনি বা অন্য কেউ দুর্ঘটনার শিকার হতে পারেন জানালে—এর জবাবে তিনি কোনো উত্তর দেননি।
কিছুটা দূরে ধান নাড়ছিলেন মোছা. নাসরীন আক্তার নামের এক গৃহবধূ। তিনি বলেন, রোদ থাকলে পাকা সড়কে অল্প সময়ে বিপুল পরিমাণ ধান শুকানো যায়। তাই জমি থেকে সরাসরি ধান সড়কে এনে শুকাতে দেন। নাসরীন বলেন, ধান শুকানোর কারণে এ পর্যন্ত সড়কে কোনো দুর্ঘটনা ঘটতে দেখেননি।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাকিল মাহমুদ বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রচুর সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা–ভ্যান, ইঞ্জিনচালিত নছিমন, ভটভটি এবং ট্রাক-বাস–ট্রাক্টরসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। সড়কের দুই প্রান্তে সাদা রং দিয়ে তিন ফুটের মতো অপ্রশস্ত লেন করা রয়েছে। এসব লেন দিয়ে ছোট গাড়ি ও পথচারি চলাচল করে থাকে। কিন্তু রোরো ও আমন মৌসুম দুই পাশের লেনের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর কারণে ছোটগাড়িগুলো সড়কের মাঝখান দিয়ে চলাচল করতে বাধ্য হয়। এতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান মুঠোফোনে বলেন, তাঁর থানার আওতায় ৬৫ কিলোমিটার মহাসড়ক রয়েছে। বিভিন্ন সময় তিনি নিজে মাইকিং করে সড়কের পাশে ধান ও খড় শুকানোর কাজ না করার জন্য অনুরোধ করেছেন। কিন্তু মহাসড়কের দুই পাশের গ্রামের বাসিন্দারা পুলিশের কথায় কর্ণপাত করছেন না। মানুষ সচেতন না হলে পুলিশের কী করার আছে!