পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক
চট্টগ্রামে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁর নাম মারজিয়া আক্তার (১৯)। আজ রোববার নগরের মনসুরাবাদ পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাঁকে আটক করেন।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক মো. আবু সাইদ প্রথম আলোকে বলেন, জেলার সন্দ্বীপের বাউরিয়া এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেন এক নারী। তিনি জন্মসনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র দেন। কিন্তু তাঁর কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে তিনি নিবন্ধিত হন। ক্যাম্পে তাঁর মা-বাবা রয়েছেন।
আবু সাইদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন, তিনি রোহিঙ্গা। ক্যাম্প থেকে পালিয়ে সন্দ্বীপে আসেন। পরে ওই নারীকে ডবলমুরিং থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।