যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবারও পাসের হারে মেয়েরা এবং জিপিএ-৫ পাওয়ায় ছেলেরা এগিয়ে আছেন। কেউ পাস করেনি, এমন শিক্ষাপ্রতিষ্ঠান মাত্র একটি। এদিকে জেলাভিত্তিক ফলে খুলনার কলেজগুলো বোর্ডে সবচেয়ে ভালো করেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৬১টি কলেজ থেকে ১ লাখ ৩০ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ লাখ ৮ হাজার ৯২৯ জন। পাসের হার ৮৩ দশমিক ৪২।
পাসের হারে মেয়েরা এগিয়ে: এ শিক্ষা বোর্ডে মোট ৬১ হাজার ২৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিলেন; পাস করেছেন ৫২ হাজার ৩০৪ জন। পাসের হার ৮৫ দশমিক ৪১। আর অংশগ্রহণকারী ৬৯ হাজার ৩৩৩ ছাত্রের মধ্যে পাস করেছেন ৫৬ হাজার ৬২৫ জন (৮১ দশমিক ৬৭ শতাংশ)। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে রয়েছেন। বোর্ডে মোট ৪ হাজার ৫৮৬ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ২ হাজার ৬১৬ জন ছাত্র ও ১ হাজার ৯৭০ জন ছাত্রী। গত বছরও এ বোর্ডে পাসের হারে মেয়েরা ও জিপিএ-৫ পাওয়ায় ছেলেরা এগিয়ে ছিলেন।
কেউ পাস করেননি: কেউ পাস করেননি, বোর্ডে এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে মাত্র একটি। সেটি হলো কুষ্টিয়ার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। এ কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র প্রথম আলোকে বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদনসহ এমপিও বাতিল হতে পারে।
যশোর জেলার মধ্যে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৯১৫ জন পরীক্ষার্থীয় অংশ নিয়েছিলেন। ৮৭৪ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৬১ জন। এ ছাড়া জেলার সরকারি এমএম কলেজ (৭৭৬ জনের মধ্যে ৭৩২ জন পাস; ২০৯ জন জিপিএ-৫) ও ডা. আবদুর রাজ্জাক কলেজ (৯৪৪ জনের মধ্যে ৮২৩ জন পাস) ভালো ফল করেছে।
বোর্ডসেরা খুলনা: এ বছর খুলনার ৯৮টি কলেজ থেকে ২২ হাজার ৮৭ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাস করেছেন ১৯ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১০ হাজার ২২০ জন ছাত্র ও ৯ হাজার ১৯৫ জন ছাত্রী। ৮৭ দশমিক ৯০ শতাংশ পাসের হার নিয়ে বোর্ডভুক্ত ১০ জেলার মধ্যে প্রথম হয়েছে খুলনা।
৮৭ দশমিক ৪৬ শতাংশ হার নিয়ে সাতক্ষীরা দ্বিতীয় ও ৮৫ দশমিক ০৫ শতাংশ নিয়ে যশোর তৃতীয় স্থানে আছে। পাসের হারে সবার নিচে রয়েছে কুষ্টিয়া (৭৩ দশমিক ১৮ শতাংশ)।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর খুলনার যেসব কলেজ ভালো করেছিল এবারও তারা ধারাবাহিকতা বজায় রেখেছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে জেলার সরকারি এমএম সিটি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, পাবলিক কলেজ, পাইওনিয়ার সরকারি বালিকা মহাবিদ্যালয়, সরকারি মহিলা কলেজ ও এমসিএসকে (মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা) সবচেয়ে ভালো করেছে।