ভারী বৃষ্টির প্রভাবে কক্সবাজারের মহেশখালীতে আবারও পাহাড় ধসে পড়ে আলী হোসেন (৮০) নামের একজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এর আগে আজ বুধবার সকালে পাহাড়ধসে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়া ও চালিয়াতলীর শিকড়তলী এলাকার অন্তত ৩০টি কাঁচা ঘর ভেঙে গেছে। এ নিয়ে দুই মাসের ব্যবধানে পাহাড় ধসে পড়ে এই এলাকায় আরও তিনজনের মৃত্যু হয়।
ভারী বর্ষণে আবারও পাহাড়ধসের আশঙ্কায় গতকাল সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে গিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে প্রশাসনের পক্ষে মাইকিং করা হচ্ছে।
নিহত আলী হোসেনের ছেলে নুরুল আলম বলেন, গত সোমবার বিকেল থেকে এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে গতকাল গভীর রাতে পাহাড় ধসে পড়ে বসতবাড়ির ভেতরে মাটি ঢুকে পড়ে। এ সময় তাড়াহুড়া করে ওই বাড়িতে থাকা সাত সদস্য বের হতে পারেন। কিন্তু বাড়ির ভেতরে আটকে পড়েন তাঁর বাবা বৃদ্ধ আলী হোসেন। মাটিচাপায় তাঁর বাবার মৃত্যু হয়। এ সময় তাঁদের একটি গরু ও একটি ছাগল মরে যায়।
আজ দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক ও মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় প্রশাসনের পক্ষ থেকে আলী হোসেনের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে বলছে, ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে আবারও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। গতকাল সকাল থেকে থেকে শাপলাপুর, হোয়ানক, কালারমারছড়া ও ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। এরপরও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন না।
সূত্র আরও জানায়, আজ সকাল পর্যন্ত গত দুই মাসে পাহাড়ধস ও মাটির দেয়াল চাপা পড়ে এই এলাকায় চারজনের মৃত্যু হয়েছে। এরপরও এলাকার লোকজন সচেতন হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এলাকায় ও গ্রামগঞ্জে প্রচারণা চালানোর পরও জনগণ সচেতন হচ্ছে না।
ইউএনও মাহফুজুর রহমান বলেন, পাহাড় ধসে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।