পাহাড় থেকে অস্ত্র-গোলাবারুদসহ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র-গোলাবারুদসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলায় অস্ত্র ও গোলাবারুদসহ আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা পাহাড়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, অভিযানের সময় পাহাড়ের মাটি খুঁড়ে ৪টি একনলা বন্দুক, ১টি বন্দুক, ৩টি এলজি, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন মহেশখালীর ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম ওরফে মামুন (২৮), একই এলাকার মোহাম্মদ রিফাত (২৩) ও আয়ুব আলী (৪০)।
তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও মিডিয়া কর্মকর্তা) মো. আবু সালাম চৌধুরী।

পুলিশ জানায়, ৫ নভেম্বর রাতে কালারমারছড়ার ছামিরাঘোনা কালুর ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলাউদ্দিনকে (২৬) হত্যা করে। জলদস্যুর কর্মকাণ্ড থেকে তিনি স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণও করেছিলেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলাউদ্দিনের ভাই সুমন উদ্দিন বাদী হয়ে ৬ নভেম্বর মহেশখালী থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামিসহ আজ সকাল ১০টা পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে।