পাহাড়ধস বন্যা ঝড়ে শিশুসহ নিহত ১৪
কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ি ঢল, বন্যা, নৌকাডুবি ও ঝড়ে গত দুই দিনে মারা গেছে শিশুসহ অন্তত ১৪ জন। তাদের মধ্যে ১২ জনই মারা গেছে কক্সবাজারে। আহত হয়েছে আরও অন্তত ৩৩ জন। এ ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। বন্যায় ডুবে গেছে শত শত গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। খাবার ও পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে অনেকে। একটানা বর্ষণ ও জলাবদ্ধতায় শহুরে জনজীবনে দেখা দিয়েছে বিপর্যয়।
গত পাঁচ দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার প্রায় ২০০ গ্রামের দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বিলীন হয়েছে জেলার সাত শতাধিক কাঁচা ঘরবাড়ি।
এ ছাড়া পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক ফুট পানি উঠেছে। বন্যার পানি বাড়ায় টেকনাফ-কক্সবাজার, কক্সবাজার-ঈদগাহ, কক্সবাজার-রামু ও রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রামুতে সাতজনের মৃত্যু: উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মিতারছড়া গ্রামে গতকাল শুক্রবার ভোর চারটার দিকে পাহাড়ধসে নিহত হয় মো. শফির ছেলে মো. রিদুয়ান (১০)। সকাল সাড়ে নয়টায় কাউয়ারখোপ ইউনিয়নের লটউখিয়ারঘোনা এলাকায় পাহাড়ধসে নিহত হন ছমি উল্লাহর ছেলে আমির হোসেন (৪০)। বন্যার পানিতে ডুবে দুপুরে তিতারপাড়ার খতিজা বেগম (৩৮), সকালে ফতেখাঁরকুল এলাকার জুনু মিয়া (৬০) এবং বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বন্যার পানিতে ভেসে আমতলিয়াপাড়া গ্রামের মোস্তাক আহমদের স্ত্রী হালিমা বেগম (৩০) মারা যান।
এদিকে বৃহস্পতিবার দুপুরে গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল গ্রামে নৌকাডুবির ঘটনায় তিন বছরের মেয়েশিশু হুমাইরা বেগম ও তরুণী কামরুন্নাহার নিহত হন। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করেন নৌকার আরও ১৬ যাত্রীকে। বন্যা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের জন্য নৌকা নিয়ে পাশের বামনখিল গ্রামে যাওয়ার পথে পাহাড়ি ঢলের স্রোতে সেটি ডুবে যায়।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে আনোয়ার হোসেন ওরফে আন্নর আলী নামে প্রৌঢ় ও পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় আড়াই বছরের এক শিশু মারা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে দুজন।
কক্সবাজার শহরে ধসে নিহত ১, আহত ৫: কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনারপাড়ায় গতকাল বেলা দুইটার দিকে পাহাড়ধসে শিশু মো. আবছার (৩) মারা গেছে। সে স্থানীয় মোস্তাক আহমদের ছেলে। টানা বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে মোস্তাক আহমদ ও নুরুল হকের বাড়ি চাপা পড়লে আরও তিনজন গুরুতর আহত হন।
আহত ব্যক্তিরা হলো নুরুল হকের দুই ছেলেমেয়ে জয়নাম বেগম (১৭), আবদুল মান্নান (১০) ও নুরুল হাকিম নামের আরেকজনের মেয়ে উম্মে জমিলা (৯)। বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিস শিশু আবছারকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদেরও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
দুপুরে শহরের লাইট হাউস এলাকার ফাতেরঘোনায় পাহাড়ধসে শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়। তারা হলো স্থানীয় হুমায়ুন কবিরের মেয়ে ইছমত আরা (৯) ও মৃত এজাহার হোসেনের স্ত্রী সাহারা খাতুন (৫৫)। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।
টেকনাফে ঝড়ে নিহত ২: টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে গতকাল সকালে ঝড়ে গাছচাপায় আনোয়ারা বেগম (২৫) ও তাঁর শিশুসন্তান মো. জিসান (৩) মারা গেছে। ঝড়ে ১৭টি বসতবাড়িও বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছে। সাগরে লঘুচাপের প্রভাবে সকাল সাড়ে সাতটার দিকে ভারী বর্ষণ এবং আকস্মিক ঝড়ে সেন্ট মার্টিনের কোনারপাড়া, উত্তরপাড়া, পশ্চিমপাড়া ও মাঝেরপাড়া এলাকায় টিনের ও বাঁশের ঘরগুলো বিধ্বস্ত হয়। ঘরের ওপর বড় একটি নারকেলগাছ চাপা পড়ে মারা যান কোনারপাড়ার নুর মোহাম্মদের স্ত্রী আনোয়ারা ও ছেলে জিসান। ঘরহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে। দ্বীপে খাদ্যসংকট দেখা দিয়েছে।
বান্দরবানে ধসে নিহত ২: বান্দরবান শহরে গত বৃহস্পতিবার রাতে পাহাড়ধসে ঘুমন্ত দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তাদের মা-বাবা। নাইক্ষ্যংছড়িতেও মাটিচাপায় আহত হয়েছেন এক নারী। রাত তিনটার দিকে বনরূপা সিদ্দিকনগর এলাকায় পাহাড়ের নিচে তৈরি ছোট্ট একটি কাঁচাঘর পাহাড়ধসে চাপা পড়ে। এতে রাজমিস্ত্রি আবদুর রাজ্জাকের দুই সন্তান আলীফ হোসেন (১১) ও মীম (৮) নিহত হয়। আহত হন তিনি এবং তাঁর স্ত্রী আয়েশা বেগম।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ উপজেলার বাঘারঘোনা এলাকার একটি বাড়ি পাহাড়ধসের শিকার হলে নুর জাহান বেগম (৪০) নামের একজন নারী আহত হন।
জেলায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যার পানি গতকাল কিছুটা কমেছে। তবে জেলা সদরের সঙ্গে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ এবং কোথাও কোথাও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ছিল। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কোনো সরকারি ত্রাণ পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানিয়েছেন। জেলা শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া বন্যার্তদের মধ্যে সেনাবাহিনী কিছু খাবার বিতরণ করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেছেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া যাচ্ছে না।
বর্ষণ-বন্যায় বিপর্যস্ত জনজীবন: কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ভাসছে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার মানুষ। মাতামুহুরী নদী বেয়ে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে চকরিয়ায় বেড়িবাঁধ ভেঙে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া পেকুয়ার বাঘগুজারা বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে একই রাতে প্লাবিত হয়েছে অন্তত ৬০টি গ্রাম। এর আগের দিন রাতে চকরিয়া পৌরসভা এবং এ উপজেলার ৫৫টি গ্রাম ও পেকুয়ার ৪৫টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মহেশখালীতে ২৩ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে অন্তত ৩০০ ঘরবাড়ি। গতকাল স্থানীয় প্রশাসন ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে। তবে হাজারো মানুষ অনাহার-অর্ধাহারে রয়েছে।
বর্ষার পানিতে ডুবে গেছে নোয়াখালী শহরের রাস্তাঘাট। জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে শহরের বাসিন্দারা। গতকাল বিকেলে শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, কাজি কলোনিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানি সরে যাওয়ার কোনো পথ নেই।
নাটোরে তিন দিনের টানা বর্ষণে শহরবাসী নাকাল হয়ে পড়েছে। শহরের প্রায় সব কটি আবাসিক এলাকা এবং রাস্তায় দুই ফুটের মতো পানি উঠেছে। কানাইখালী চালপট্টির ব্যবসায়ী আবদুল মজিদ জানান, গুদামে পানি ওঠায় হাজার হাজার বস্তা চাল নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।
টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভবদহ এলাকার বিলগুলো পানিতে ভরে উঠছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার; বান্দরবান, নাটোর, কক্সবাজারের টেকনাফ, চকরিয়া, মহেশখালী ও যশোরের অভয়নগর প্রতিনিধি এবং নোয়াখালী অফিস}