পাহাড়ধসে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার, মায়ের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বান্দরবানে পাহাড়ধসে নিখোঁজ একই পরিবারের তিনজনের মধ্যে দুজনের লাশ আজ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এই দুজন হলো বোন বাজেরুং ত্রিপুরা (১২) ও ভাই প্রদীপ ত্রিপুরা (৮)। তাদের মা কিষ্ণাতি ত্রিপুরা এখনো নিখোঁজ।

ফায়ার সার্ভিসের বান্দরবান স্টেশন কর্মকর্তা নাজমুল আলম বলেন, সকাল সোয়া ১০টায় প্রদীপের লাশ লাইমিপাড়ার নিচে সাইঙ্গ্যাঝিরিতে পাওয়া যায়। এর আগে সকাল আটটায় প্রদীপের বোন বাজেরুং ত্রিপুরার লাশ উদ্ধার করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারী বৃষ্টির সময় বান্দরবান সদর ইউনিয়নের সাইঙ্গ্যাপাড়ার ঘাটে পাহাড়ধসে একই পরিবারের তিনজন নিখোঁজ হন। দুই ছেলেমেয়ে ও মা জুমচাষের কাজ শেষে সাইঙ্গ্যাপাড়ার বাড়িতে ফিরছিলেন। তাঁদের সঙ্গে কিষ্ণাতি ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরাও (৩৫) ছিলেন। তিনি কোনোরকমে প্রাণে বেঁচে যান।

সাইঙ্গ্যাপাড়ার বাসিন্দা ও বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জগদীশ ত্রিপুরা জানান, আজ সকালে পাহাড়ধসের স্থানে মাটি খুঁড়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা হয়। সকাল আটটায় লাইমিপাড়া থেকে সংবাদ আসে, চিম্বুক নিম্নমাধ্যমিক বিদ্যালয় এলাকায় একটি লাশ পাওয়া গেছে। সাইঙ্গ্যাঝিরির পাহাড়ি ঢলের স্রোতে লাশটি ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, সম্ভবত তিনজনই পাহাড়ি ঢলে ভেসে গেছেন। নিখোঁজ মায়ের সন্ধানে ঘটনাস্থলে মাটি সরানোর পাশাপাশি সাইঙ্গ্যাঝিরিতে খোঁজাখুঁজি চলছে।