পাহাড়ি ঢলে নিখোঁজের ২৮ ঘণ্টা পরও কিশোরের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিকেল চারটা পর্যন্ত নিখোঁজ জিহাদের কোনো সন্ধান পাওয়া যায়নি
ছবি: প্রথম আলো

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র জিহাদ মিয়ার (১৪) এখনো সন্ধান মেলেনি। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রামের সামনে নদী থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ জিহাদ মিয়া একই ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ গত রোববার ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসে। গতকাল সকালে স্থানীয় লোকজনের সঙ্গে জিহাদ সোমেশ্বরী নদীতে পাহাড়ি লাকড়ি ধরতে নামে। লাকড়ি ধরার একপর্যায়ে দুপুর ১২টার দিকে সে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে জিহাদের সন্ধান পায়নি।

পরে আজ মঙ্গলবার সকাল থেকে কিশোরগঞ্জের ডুবুরি দল জিহাদকে উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে বিকেল চারটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকায় এখনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কিশোরগঞ্জের ডুবুরি দল কাজ করছে।