পাহাড়ি ঢলে ভেসে গেছেন দুই ভাইসহ তিনজন
কক্সবাজারের সদ্য ঘোষিত উপজেলা ঈদগাঁওয়ে পাহাড়ি ঢলে ভেসে গেছেন দুই ভাইসহ তিনজন। আজ বুধবার দুপুরে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহ এলাকায় পানির তোড়ে তাঁরা ভেসে যান। বিকেল চারটা পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে সকাল থেকে কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে ঈদগাঁওসহ জেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে।
নিখোঁজ তিনজন হলেন ঈদগাঁও বাসস্টেশনসংলগ্ন দরগাহ এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহাজাহানের দুই ছেলে মোহাম্মদ ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন (১৫) এবং একই এলাকার আবছার কামালের ছেলে মোহাম্মদ মোরশেদ (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে হারিয়ে যান তিনজন। এরপর তাঁদের সন্ধানে মেনেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। আজ বিকেল চারটা পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি।
রামু ফায়ার স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে পুরো ঈদগাঁও এলাকা ডুবে আছে। ভারী বর্ষণও থামছে না। এ কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হচ্ছে।