পাহাড়িদের জুমের জমি দখলের ঘটনায় ২৪ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুমের জমি দখলের প্রতিবাদে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লামার কয়েকটি গ্রামের মানুষের সমাবেশ
ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা বান্দরবানের লামায় জুমের ৩০০ একর জমি দখলের অভিযোগ করে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ২৪ বিশিষ্ট নাগরিক। তারা ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেপ্তার করে  প্রচলিত আইনে বিচারের ব্যবস্থার দাবি করেছেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেন বিশিষ্টজনেরা।

দখল হয়ে যাওয়া জুমের বাগান, পাহাড় এবং ভূমি ফেরত পাওয়ার দাবিতে গত রোববার বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে লামা উপজেলার সরই ইউনিয়নের তিন গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। গ্রামগুলো হলো লাংকম ম্রো কার্বারিপাড়া, জয়চন্দ্র ত্রিপুরা কার্বারিপাড়া এবং রেংয়েন ম্রো কার্বারিপাড়া। এসব গ্রামের মানুষ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিবৃতিদাতারা বলেন, লামায় একটি রাবার কারখানার কর্তৃপক্ষ স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় স্থানীয় লোকজনের প্রায় ৩০০ একর জুমভূমি দখল করেছে। এর প্রতিবাদ করলে বিভিন্ন সময় পাহাড়িদের বিরুদ্ধে এই কোম্পানি মিথ্যা মামলা করেছে।

বিবৃতিদাতারা বলেন, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ভূমির মালিকানা দেশের প্রচলিত আইনে নির্ধারণ করা হলেও তিন পার্বত্য জেলায় পাহাড়িদের ভূমি মালিকানা সামাজিক। ‘সর্বজনীন সম্পদ-সম্পত্তি মালিকানা অধিকার’ নীতিই হলো তাদের ভূমি মালিকানার ভিত্তি। ফলে এই মালিকানা বংশপরম্পরায় মৌখিক। তিনটি সার্কেলের আওতায় পার্বত্য পাড়ার হেডম্যান এবং কার্বারিরা এর ব্যবস্থাপনা করে থাকেন। কিন্তু গত ৩০ বছরে এই পার্বত্য পাড়ার নিয়ন্ত্রণাধীন ভূমির পরিমাণ শতকরা ৫১ ভাগ কমে গেছে। আরেক কথায় বলা যায়, পাহাড়িদের সামাজিক মালিকানার অর্ধেকের বেশি ভূমি ও ভূসম্পদ হাতছাড়া হয়ে গেছে।

বিবৃতিদাতারা বলেন, ‘লামার তিন গ্রামের পাহাড়িদের ভূমি দখলের ঘটনায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকার বিষয়টি আমাদের গভীরভাবে হতাশ করেছে, আমরা উদ্বিগ্ন। স্থানীয় ও প্রশাসনের পক্ষ থেকে ন্যায়বিচারের লক্ষ্যে কোনো প্রকার ব্যবস্থা কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের সহায়তার বিষয়ে কোনো প্রকার আশ্বস্তও করা হয়নি, যা আমাদের বিক্ষুব্ধ করেছে।’

বিবৃতিদাতারা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেন। সেই সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের দখলস্বত্ব নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন পঙ্কজ ভট্টাচার্য, রাশেদা কে চৌধূরী, রামেন্দু মজুমদার, সারওয়ার আলী, ফওজিয়া মোসলেম, নূর মোহাম্মদ তালুকদার, এস এম এ সবুর, খুশী কবির, এম এম আকাশ, লেনিন চৌধুরী, রোবায়েত ফেরদৌস, সালেহ আহমেদ, রঞ্জিত কুমার সাহা, পারভেজ হাসেম, আবদুল ওয়াহেদ, জীবনানন্দ জয়ন্ত, সংগঠক, সেলু বাসিত, রাজিয়া সামাদ ডালিয়া, এ কে আজাদ, অলক দাস গুপ্ত, দীপায়ন খীসা, বিভূতী ভূষণ মাহাতো, কাজী আবদুল মোতালেব, গৌতম শীল।