পাহাড়িয়া নদীতে ভেসে ছিল অজ্ঞাতনামা যুবকের লাশ
নরসিংদীর শিবপুরের আয়ুবপুরের পাহাড়িয়া নদীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আয়ুবপুরের নোয়াদিয়া গ্রামের গাংপাড় এলাকার একটি ইটভাটার সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বেলা দেড়টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। মৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের গাংপাড় সেতুর নিচে পাহাড়িয়া নদীতে লাশটি ভেসে ওঠে। সেতু দিয়ে চলাচলরত কয়েকজন ব্যক্তি প্রথমে লাশটি ভেসে থাকতে দেখেন। জানাজানি হলে আশপাশের বিভিন্ন এলাকাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ সদস্যরা বেলা ১১টার দিকে নদীতে নেমে ভাসমান ওই লাশ উদ্ধার করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন ও শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া।
পুলিশ বলছে, মৃতদেহের পরনে ছিল ফুলহাতা শার্ট ও স্যান্ডো গেঞ্জি। তবে শরীরের নিচের অংশে প্যান্ট বা লুঙ্গি কিছুই ছিল না। লাশটি গতকাল বা পরশু থেকে পানিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর নাক-মুখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান আহমেদ বলেন, ওই যুবককে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আমরা তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করছি।’