রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় পাড়াবন ঐতিহ্য রক্ষা করে সরকারিভাবে প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণ কেন করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ পরিবহন নীতিমালার ৯ ধারা বাতিল কেন করা হবে, তা জানতে চাওয়া হয়েছে। বান্দরবানের এক আইনজীবীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দিয়েছেন। রিট আবেদনকারী আইনজীবী উবাথোয়াই মারমা এ তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, উবাথোয়াই মারমার রিট আবেদনটি ৫ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বেঞ্চে শুনানি হয়েছে। রিটে উবাথোয়াই দাবি করেন, ১৯০০ সালের পার্বত্য শাসনবিধিতে টেকসই প্রাকৃতিক বনাঞ্চল, প্রতিবেশ, প্রাণবৈচিত্র্য, পানির উৎসের প্রবাহ এবং পাড়াবন বা মৌজাবন সংরক্ষণ ও ব্যবস্থাপনা কথা বলা হয়েছে। কিন্তু আইন মোতাবেক সেটি না করে বরং প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। বনাঞ্চল ধ্বংস হওয়ায় পরিবেশের বাস্তুসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে প্রাণবৈচিত্র্য বিলুপ্ত এবং পানির উৎস শুকিয়ে যাচ্ছে। উৎস শুকিয়ে যাওয়ায় তীব্র পানির সংকটে জনজীবনে দুর্বিষহ হয়ে উঠেছে। বনাঞ্চল ধ্বংসের জন্য পার্বত্য অঞ্চলের ১৯৭৩ সালের বনজ দ্রব্য পরিবহন বিধিমালার (ট্রানজিট রুল) ৯ ধারা অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।
রিটে বলা হয়েছে, বনাঞ্চল ধ্বংসের জন্য পার্বত্য অঞ্চলের ১৯৭৩ সালের বনজ দ্রব্য পরিবহন বিধিমালার (ট্রানজিট রুল) ৯ ধারা অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।
রিটে পাড়াবনের ঐতিহ্য অনুযায়ী সরকারি উদ্যোগে প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণের যৌক্তিকতা তুলে ধরা হয়। এতে প্রাকৃতিক পরিবেশ, পানিকাঠামো (ওয়াটার শেড), প্রাণ ও উদ্ভিদবৈচিত্র্য সুরক্ষায় পাহাড়ি সমাজের শত বছরের পাড়াবন ঐতিহ্য টিকিয়ে রাখার গুরুত্ব তুলে ধরা হয়। এর প্রামাণ্য দলিল হিসেবে ২৯ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘জনবসতি বাঁচায় পাড়াবন’ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। একই সঙ্গে ডেইলি স্টারের একটি প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছে।
মামলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বন অধিদপ্তরের প্রধান বনসংরক্ষক, পার্বত্য অঞ্চলের সব বিভাগীয় বন কর্মকর্তাসহ ২২ জনকে বিবাদী করা হয়েছে।
আদালত বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে বনজ দ্রব্য পরিবহন বিধিমালার ৯ ধারা কেন বাতিল করা হবে না এবং পার্বত্য শাসনবিধি অনুযায়ী সরকারি উদ্যোগে কেন পাড়াবন ঐতিহ্য প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণের আদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন।
আইনজীবী মহিউদ্দীন বলেন, আদালত মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। পরবর্তী শুনানিতে পার্বত্য অঞ্চলে বনাঞ্চল উজাড়ের কারণে পানির উৎস শুকিয়ে যাওয়ায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করা হবে।