পায়রা গিলছে বসতভিটা

দুই দিন ধরে নদীর পাড়ের ১৯টি পরিবার বাড়ির মালামাল সরিয়ে নিয়েছে। কেটে নেওয়া হচ্ছে গাছ।

ভাঙনের কারণে নদীপাড়ের বাসিন্দারা বসতঘর সরিয়ে নিচ্ছেন। গতকাল পটুয়াখালীর দুমকি উপজেলার বাগেরচর গ্রামে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়রা নদীর পাড়ে শিল্পী বেগমের (৪৫) বসতঘর। ঘরেই ছিলেন স্বামী মিলন মিয়া। গত শনিবার সকালে হঠাৎ ঘরটি পায়রা নদীতে বিলীন হয়ে যায়। সাঁতরে কোনোরকমে তীরে উঠতে সক্ষম হলেও বসতঘর ও মালামাল পায়রায় বিলীন হয়ে গেছে।

শুধু শিল্পী বেগমের বসতঘর নয়, ওই দিন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পায়রা নদীর পাড়ের বাহেরচর গ্রামের ১০টি পরিবারের বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে গাছপালা, ফসলের খেত। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে নদীর পাড়ের বাসিন্দারা। দুই দিন ধরে নদীর পাড়ের ১৯টি পরিবার তাদের বাড়ির মালামাল সরিয়ে নিয়েছে। বড় বড় গাছ কেটে সরিয়ে নিচ্ছে ভাঙনকবলিত এলাকার মানুষ।

গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কালাম হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হালিম সালেহী বাহেরচর গ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ২৯টি পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।

গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, ভাঙনকবলিত এলাকার মানুষজন ঘরের মালামাল নিরাপদ স্থানে স্তূপ করে রাখছেন। এলাকার ভূমিহীন সাথী বেগম (২৫) ও তাঁর স্বামী সবুজ গোলদার বসতঘরের টিনের চালা খুলে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সাথী বেগম জানান, ২০১৩ সালে ত্রাণের ঘর পেয়ে সেখানেই বসবাস করছিলেন তাঁরা। কিন্তু নদীভাঙন এখন ঘরের সামনে চলে এসেছে। ঘরে আতঙ্কে থাকতে হয়। এই অবস্থায় ঘর ভেঙে ইট ও ওপরের টিনের চাল সরিয়ে নিচ্ছেন।

ওই গ্রামের ছালমা বেগম (৩০) বলেন, তাঁর বসতঘরও ভেঙে নদীতে বিলীন হয়েছে। ঘরে তিনি তাঁর ১০ বছরের ছেলে তুষারকে নিয়ে ছিলেন। ঘর বিলীন হওয়ার সময় তাঁরা দুজন কোনোরকমে প্রাণে বেঁচে যান। এর আগেও তাঁরা দুবার নদীভাঙনের শিকার হয়েছিলেন। এখন তাঁদের আর কোনো আশ্রয় নেই।

স্থানীয়রা জানান, পাঁচ থেকে ছয় বছর ধরে বাগেরচর গ্রামে নদীভাঙন দেখা দেয়। ইতিমধ্যে দুই শতাধিক পরিবারের ভিটেমাটি, ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে ভাঙন তীব্র হয়েছে। ভাঙন যেভাবে এগিয়ে আসছে এতে করে বাহেরচরের পায়রাপারের বাসিন্দাদের চোখেমুখে আতঙ্ক বিরাজ করছে।

আঙ্গারিয়া ইউপির চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা বলেন, যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে বাহেরচর গ্রামটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক দিনেই ১০টি বসতঘর বিলীন হয়েছে। ১৯টি পরিবার তাদের বসতঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিয়েছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হালিম সালেহী বলেন, এই ভাঙন যাতে আর ভেতরে প্রবেশ করতে না পারে, তার ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এখন যেখানে ভাঙন দেখা দিয়েছে, ওই এলাকা অতিঝুঁকিপূর্ণ বিবেচনায় গত মার্চ মাসে বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভাঙনের হাত থেকে রক্ষায় ইতিমধ্যে ৫০০ মিটার অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে এখানে একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।