পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র: দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ জাতীয় গ্রিডে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সঞ্চালন লাইন সফলভাবে চালু করার মাধ্যমে দ্বিতীয় ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
এ সময় বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) জোবায়ের আহমেদ, নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) মো. তারিক নুর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রেজওয়ান ইকবাল খানসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা সেখানে উপস্থিত ছিলেন। এ জন্য পায়রা থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা পর্যন্ত আগেই ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন টানা ছিল।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. পিঞ্জুর রহমান বলেন, দেশের বৃহৎ এবং প্রথম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। তিনি আরও বলেন, হয়তো ৮ থেকে ১০ দিনের মধ্যেই দ্বিতীয় ইউনিট পুরো সক্ষমতা অর্জন করবে। কিন্তু জাতীয় গ্রিডে পুরোপুরি যুক্ত করা হবে না। এর কিছু কৌশলগত কারণ আছে। একদিকে মেশিন নতুন। তা ছাড়া বিদ্যুৎলাইন ও প্ল্যান্টের কার্যকারিতার জন্য উৎপাদিত বিদ্যুৎ ধীরে ধীরে জাতীয় গ্রিডে দিতে হয়। দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কাজ চলবে আগামী দুই-তিন মাস। এ সময়ের মধ্যে ফাইনাল কমিশনিং, পারফরম্যান্স গ্যারান্টি এবং ক্যাপাসিটি টেস্ট করা হবে। এসব করার পরই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কমার্শিয়াল অপারেশন ডেড (সিওডি) ঘোষণা করবে। এরপরই ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পুরোটাই বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে।
এ বছরের ১৩ জানুয়ারি এই বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়। ১৫ মে থেকে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পুরোপুরিভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পটি কয়লাভিত্তিক জ্বালানি দিয়ে চালু করা হয়েছে।
২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র’ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ–চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
২ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা কেন্দ্রটির বাংলাদেশ ও চীন সমান অংশীদার। চীনের আর্থিক সহায়তায় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এ জন্য এক হাজার দুই একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ করার ফলে ক্ষতিগ্রস্ত ১৩৫ পরিবারকে ১৬ একর জমির ওপরে ‘স্বপ্নের ঠিকানা’ নামে আবাসিক পল্লি নির্মাণ করে দেওয়া হয়েছে। ২০১৮ সালের ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।