পায়রা বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় বরগুনার মেয়র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথে সাইকেলকে সাইড দিতে মেয়রকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শুকনা খালে পড়ে গেছে। আজ সকালে বরগুনা-পুরাকাটা মহাসড়কের মস্তুকটানা এলাকায়
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বরগুনা-পুরাকাটা মহাসড়কের মস্তুকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মেয়রের সঙ্গে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। মেয়র কামরুল আহসান বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই গাড়িতে থেকে অন্য আহত ব্যক্তিরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরগুনা থেকে একটি মাইক্রোবাসে মেয়র ও তাঁর সঙ্গে থাকা কয়েক নেতা-কর্মী বরগুনা-পুরাকাটা মহাসড়ক হয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মস্তুকটানা এলাকায় পৌঁছালে দুটি সাইকেল সড়কের মধ্যে চলে আসে। এ সময় ওই দুটি সাইকেলকে সাইড দিতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শুকনা খালে পড়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মেয়র ও তাঁর সফরসঙ্গীদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মেয়র কামরুল আহসানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত পৌর মেয়র কামরুল আহসান
ছবি: প্রথম আলো

মেয়রের সফরসঙ্গী হাসানুর রহমান, নাঈম হোসেনসহ কয়েকজন জানান, তাঁরা পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে সাইকেলকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক হাসান বলেন, মেয়রের কলার বোন ভেঙে গেছে। তাঁর চোখেও আঘাত লেগেছে। দুর্ঘটনার সময় তাঁর বুকে চাপ লেগেছে, তাই তাঁর শ্বাস নিতে সমস্যা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।