পায়রা সেতুতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের দুমকিতে পায়রা নদীর ওপর নির্মিত সেতুতে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজাসংলগ্ন লেনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার স্কুলছাত্র রাইয়ানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার সহপাঠী মোর্শেদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত রায়হান পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লুৎফর রহমান শাহরিয়ারের একমাত্র ছেলে। রাইয়ান শহরের জুবিলী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল বিকেলে রায়হান ও তাঁর সহপাঠী বন্ধু মোর্শেদ মোটরসাইকেল নিয়ে পায়রা সেতুতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে সেতুর উত্তর প্রান্তে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাইয়ান ও মোর্শেদ সড়কে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাইয়ানকে বরিশালে পাঠানো হয়েছে। অপর আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুমকি থানার উপপরিদর্শক বিপ্লব ভাট জানান, চার লেনের পায়রা সেতুর মাঝখানে বিভাজক থাকার কারণে একটি মোটরসাইকেল উল্টো দিক দিয়ে যেতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতুর উদ্বোধন করেন। প্রতিদিনই শত শত মানুষ পায়রা সেতু দেখতে যায়।