পায়ুপথে বাতাস ঢোকানোয় কিশোর শ্রমিকের মৃত্যু, আরেক কিশোর আটক
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় পায়ুপথে বাতাস ঢোকানোয় এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগীরচালা গ্রামের আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলসের এ ঘটনায় পুলিশ আরেক কিশোর শ্রমিককে আটক করেছে।
মারা যাওয়া ওই কিশোরের নাম মো. অপু দেওয়ান (১৩)। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব শিয়ালদি গ্রামের মো. পলাশ দেওয়ানের বড় ছেলে। সে পরিবারের সঙ্গে কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকত। আটক ওই কিশোরের (১৪) বাড়ি দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলায়। দুজনই আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলসে শ্রমিকের কাজ করত।
পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে অপুর পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারখানার রিং বিভাগের শ্রমিক মো. শামীম প্রথম আলোকে বলেন, সকাল ৬টার দিকে রাতের পালার কাজ করা শ্রমিকেরা কারখানা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রিং বিভাগের নিচতলার মেঝেতে উচ্চগতির বাতাস বের হওয়া নল রয়েছে। ওই নল দিয়ে অপু ও ওই কিশোর একজন আরেকজনের শরীরে লেগে থাকা তুলা পরিষ্কার করছিল। একপর্যায়ে হঠাৎ অপু মাটিতে পড়ে যায়। কাছে গিয়ে জানতে পারেন, ওই কিশোর অপুর পায়ুপথে বাতাস দিয়েছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপুর সহকর্মী মো. আশিকুল বলেন, ‘আমি দেখেছি, রাজু আর অপু একজন আরেকজনের গায়ের পোশাক থেকে তুলার ডাস্ট পরিষ্কার করছে। কথা বলতে বলতে রাজু বাতাসের নলটি অপুর পায়ুপথ দিয়ে প্রবেশ করায়। মুহূর্তের মধ্যেই অপু মাটিতে লুটিয়ে পড়ে।’
অপুর মা জোসনা বেগম প্রথম আলোকে বলেন, তিনি সকাল পৌনে সাতটার দিকে খবর পান, ছেলেকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্যেই জানতে পারেন, ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এরপর সকাল সাড়ে নয়টার দিকে তার কাছে ছেলের মৃত্যুর সংবাদ আসে। ছোট ছেলেকে কোলে নিয়ে তিনি আহাজারি করতে করতে বলেন, ‘কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমার ছেলেকে বাতাস দিয়ে মেরে ফেলেছে।’
পরিবার সূত্রে জানা গেছে, অপু স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। কিন্তু করোনাকালে স্কুল বন্ধ হয়ে যায়। এ ছাড়া পরিবারেও অভাব নেমে আসে। একপর্যায়ে অপুকে আনোয়ারা মান্নান টেক্সটাইলে চাকরিতে দেওয়া হয়।
নিহত অপুর দাদা টিটু দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের আমি উপযুক্ত শাস্তি চাই। আমার নাতি খুবই শান্তশিষ্ট। সে মাত্র পাঁচ মাস হয় চাকরি নিয়েছে। কারও সঙ্গে ঝগড়াবিবাদে কখনো যায় না। অথচ তার সঙ্গে এমন হলো।’
আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেডের নিরাপত্তা বিভাগের প্রধান রফিকুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অপু। এরপর তিনি দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হন। সে সময় অপুর পেট ফুটবলের মতো ফুলে থাকতে দেখেন। অপু কথা বলতে পারছিল না। প্রতি মুহূর্তেই তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। কারখানার ব্যবস্থাপনায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, ‘আমি কয়েকজনের কাছ থেকে জানতে পেরেছি, আরেক শ্রমিক অপুর পায়ুপথে বাতাস দিয়েছে। এতে সে অসুস্থ হয়ে পড়ে।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ জাবেদ কায়সার প্রথম আলোকে বলেন, রোগীর পেট অস্বাভাবিক ফোলা ছিল। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। পালস রেট ছিল অনেক কম। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ঘটনায় এক কিশোর শ্রমিককে আটক করে থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’