পিএইচপি ফ্লোট গ্লাসের তিন কর্মকর্তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড পাহাড়ের টিলা কেটে বন্ধ করা ছড়া (ঝিরি) পানিপ্রবাহের জন্য খুলে দেওয়ার নির্দেশ অমান্য করার পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন।

মামলায় কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, কারখানার আমবাগান প্রকল্পের ব্যবস্থাপক মো. আলফাতুন ও কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তীকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে বাদী আশরাফ উদ্দিন উল্লেখ করেছেন, ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনের নির্দেশে বাড়বকুণ্ড পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার পূর্ব পাশে পাহাড়ের একটি টিলা কেটে পাহাড়ি ছড়া বন্ধ করে দেন অন্য আসামিরা। পরিকল্পিতভাবে পাহাড়ি ছড়ায় পানিপ্রবাহ বন্ধ করে দিয়ে কৃত্রিম জলাধার সৃষ্টি করেছেন। এমন সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফেরদৌস আনোয়ারের নেতৃত্বে একটি তদন্ত দল গত ৩০ জানুয়ারি ওই এলাকা পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায়।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কারখানাটির আমবাগান প্রকল্পের ব্যবস্থাপক মো. আলফাতুন ও পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তী। ১৪ ফেব্রুয়ারি কারখানা কর্তৃপক্ষের শুনানি শেষে সাত দিনের মধ্যে বাঁধটি সরিয়ে পানির প্রবাহ সচল করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়। এ নির্দেশ অমান্য করলে পরিবেশ আইনে মামলা করা হবে বলে তখন জানিয়ে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার আশরাফ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের শুনানি শেষে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করা হয়েছে কি না, সেটি দেখার জন্য নির্দেশের সাত দিন পর ঘটনাস্থলে যান তাঁরা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখেন, কারখানা কর্তৃপক্ষ বাঁধটি অপসারণ করেনি। এ জন্য কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিষয়ে অভিজিৎ চক্রবর্তী বলেন, তাঁদের পাহাড়ে একটি আমবাগান প্রকল্প রয়েছে। সেখানে ১৫ হাজার আমগাছ রয়েছে। শুষ্ক মৌসুমে গাছগুলোতে পানি দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু এ পানি দিতে হলে ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে হতো। কিন্তু ভূগর্ভস্থ পানি তোলার ক্ষেত্রে সরকার নিরুৎসাহিত করছে। তাই ছড়ার ওপর ওই বাঁধ দিয়ে পানি জমিয়ে গাছগুলোতে পানি দিতেন তাঁরা। এতে যদি পরিবেশের ক্ষতি হয়, তাহলে তাঁরা বাঁধ সরিয়ে ফেলতেন। বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য এবং বাঁধটি তুলে নিতে ১৫ দিন সময় দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে অনুরোধ করেছেন। এর মধ্যে একতরফা মামলা করা হলো।