পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিশারিজ স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিশারিজ বিভাগের স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা মৎস্য অধিদপ্তরের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা-২০২০ সংশোধনের দাবি করেন। আজ রোববার ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে দাবির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তোহরা হক বলেন, ‘আমি অনেক স্বপ্ন নিয়ে এ বিভাগে ভর্তি হয়েছিলাম। শুনেছি, এখানে অনেক চাকরির সুযোগ আছে। আজকে যখন আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, তখন সেই স্বপ্ন আর থাকছে না। এখন আমাদের ক্লাসে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখন দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
মাস্টার্সের শিক্ষার্থী আতিক-উজ-জামান বলেন, পিএসসির চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা শুধু ডিপ্লোমা করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাচ্ছেন। আর যাঁরা ফিশারিজ বিভাগ থেকে অনার্স, মাস্টার্স করছেন, তাঁরা সুযোগ পাচ্ছেন না। প্রতিবছর সারা দেশে এক হাজার শিক্ষার্থী এ বিভাগে ভর্তি হন। কিন্তু তাঁদের পরিবর্তে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। বিসিএসে এ বিভাগের পদ দিন দিন কমে যাচ্ছে।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, ‘চলমান মৎস্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি, তাতে ফিশারিজ গ্র্যাজুয়েটদের আবেদন করার কোনো সুযোগ রাখা হয়নি। এটা আমাদের জন্য চরম বৈষম্যের। কারণ, মৎস্য অধিদপ্তরের নিয়োগে ফিশারিজ গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন না। এর চেয়ে অপমানজনক আর কিছু হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘এভাবে নিয়োগ যদি চলমান থাকে, তাহলে আমাদের এ সেক্টর আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কারণ, অন্য যারা ডিপ্লোমাধারী বা প্রাণিবিদ্যা বিভাগ থেকে এসেছে, তারা তো আমাদের মতো এ বিষয়ে এত কিছু জানে না।’
বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু হুরাইরার সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে আবু জাহিদ, নাহিদ, মৌসুমি মেরী প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধনে বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।